আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রায়গঞ্জের জনসভায় মামুনুল হক

একটি দল দেশে স্বৈরতন্ত্র ফিরিয়ে আনার ষড়যন্ত্রে লিপ্ত

উপজেলা প্রতিনিধি, (রায়গঞ্জ) সিরাজগঞ্জ

একটি দল দেশে স্বৈরতন্ত্র ফিরিয়ে আনার ষড়যন্ত্রে লিপ্ত
ছবি: আমার দেশ

বাংলাদেশ খেলাফত মজলিশের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, দেশের মানুষ দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে ২০২৪ সালের ৫ আগস্ট স্বাধীনতার স্বাদ পুনরায় অনুভব করেছিল। কিন্তু জুলাই বিপ্লবের পর ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্র ফিরিয়ে আনার ষড়যন্ত্র শুরু হয়েছে। লুটপাট, দুর্নীতি, সন্ত্রাস ও গুন্ডামি বন্ধ হয়নি; শাসকের চেহারা বদলালেও শোষণের চরিত্র বদলায়নি।

জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনে ১১দলীয় নির্বাচনি ঐক্যজোটের উদ্যোগে ৮ ফেব্রুয়ারি রায়গঞ্জ উপজেলার ভূইয়াগাঁতী এলাকায় বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মামুনুল হক এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতার পেছনে রয়েছে প্রায় ২১৪ বছরের সংগ্রাম। মানুষ ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রায় ১৯০ বছর লড়াই করেছে। এরপর কলকাতাকেন্দ্রিক দাদাবাবু ও হিন্দু জমিদারদের বৈষম্য ও জুলুমের বিরুদ্ধে সংগ্রাম হয়েছে। পরবর্তী সময়ে পাকিস্তানের খান-পাঠান শাসকদের বিরুদ্ধেও লড়াই করেছে। এই তিন আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে সংগ্রামের মধ্য দিয়েই অর্জিত হয়েছে লাল-সবুজের পতাকা।

মামুনুল হক আরো বলেন, বাংলাদেশের কাঁধে দুটি ভয়াবহ ভূত বসেছে— একটি হলো গুন্ডামি ও সন্ত্রাস, অন্যটি হলো দুর্নীতি ও লুটপাট। ক্ষমতায় যাওয়ার আগে ভোটাধিকার হরণ করা হয়, এরপর দেশের মানুষের মেহনতি অর্থ বিদেশে পাচার করা হয়। এভাবেই দেশের রাজনীতি আজও জনগণের স্বপ্নকে বাধাগ্রস্ত করছে।

মামুনুল হক নির্বাচনের আগে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া জনগণের প্রকৃত প্রতিনিধি নির্বাচিত হওয়া সম্ভব নয়। তিনি সিরাজগঞ্জ-৩ আসনের এমপি পদপ্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী মুফতি আব্দুর রউফকে রিকশা মার্কায় ভোট দিয়ে ১১দলীয় জোটকে নির্বাচিত করার আহ্বান জানান।

উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রায়গঞ্জ উপজেলা আমির মো. আলী মর্তুজা। সঞ্চালনায় ছিলেন জামায়াতের রায়গঞ্জ উপজেলা সেক্রেটারি ডা. এস এম মুনসুর আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসার ডা. শায়েখ আব্দুস ছামাদ, সাবেক পৌর প্রশাসক মোশাররফ হোসেন আকন্দ, সলঙ্গা থানা জামায়াতের আমির শহিদুল ইসলাম শহীদ, তাড়াশ থানা জামায়াতের আমির মো. সাকলায়েন।

জনসভায় সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও ১১দলীয় ঐক্যজোটের সমর্থকসহ হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা ভোটারদের উদ্দেশে কোনো ধরনের ভয়ভীতি বা প্রভাব উপেক্ষা করে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...