নাটোরের বাগাতিপাড়ায় নিষিদ্ধ আ.লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার মধ্যরাতে উপজেলার পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার মাধববাড়িয়া গ্রামের মৃত বাদল সরকারের ছেলে মো. সেন্টু আলী ওরফে ঠান্ডু (৪৫) এবং হিজলি পাবনাপাড়া গ্রামের মৃত ইনছান আলীর ছেলে মো. আরশেদ আলী (৬০)।
পুলিশ জানায়, সেন্টু আলী ফাগুয়ারদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। আরশেদ আলী ৪ নম্বর দয়ারামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য।
পুলিশ সূত্রে জানা যায়, বাগাতিপাড়া মডেল থানার মামলা নং-৫/৯৮-এর ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বাগাতিপাড়া মডেল থানার ওসি সুমন চন্দ্র দাস জানান, আটক সেন্টু আলী ওরফে ঠান্ডু শনিবার রাতে উপজেলার স্যানালপাড়া এলাকায় অনুষ্ঠিত মশাল মিছিলে অংশ নিয়ে নেতৃত্ব দেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

