হিমাগারভর্তি গত মৌসুমের আলু। এসব আলু চলতি মাসের মধ্যেই খালাস করতে হবে। সময়সীমা ৩০ নভেম্বর। কিন্তু বাজারে হিমাগারের আলুর দাম পাচ্ছেন না কৃষক। তাই খালাসও করতে পারছেন না। কৃষকরা বলছেন, হিমাগারে সংরক্ষিত প্রতি কেজি আলুর খরচ ২২ থেকে ২৫ টাকা। কিন্তু হিমাগার গেটে প্রতি কেজি বিক্রি করতে হচ্ছে ১১-১২ টাকায়। অনেক সময় ১০ টাকায়ও বিক্রি করতে হচ্ছে। তাতে উৎপাদন ও সংরক্ষণ পর্যায়েই প্রতি কেজিতে কৃষকের লোকসান ১১ থেকে ১৩ টাকা। এরই মধ্যে মাঠে আসন্ন মৌসুমের আলু চাষের প্রস্তুতি শুরু হয়েছে। কোথাও জমি তৈরি, কোথাও চলছে বীজ বপনের আয়োজন। এর বাইরে দিনাজপুর, কিশোরগঞ্জ ও বগুড়ার আগাম নতুন আলু বাজারে উঠেছে। সব মিলিয়ে বিপাকে পড়েছেন আলুচাষিরা। একদিকে উৎপাদন খরচের অর্ধেক দামে আলু বিক্রির লোকসান, অন্যদিকে হিমাগারে রেখে ভাড়া গুনতে থাকা এবং নির্ধারিত সময়ে আলু খালাস না করলে নিলামে বিক্রির শঙ্কা। এমন পরিস্থিতিতে কৃষক ও ব্যবসায়ীদের সারা বছরের বিনিয়োগ আটকে রয়েছে হিমাগারের বস্তায়। বাজারে দাম বাড়ার আশায় দিনের পর দিন অপেক্ষা করেও মিলছে না স্বস্তি; বরং নতুন আলুর আগমন যত ঘনিয়ে আসছে, পুরোনো আলু নিয়ে অনিশ্চয়তা তত বাড়ছে।
বর্তমানে রাজশাহীর পাইকারি বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে মাত্র ১০-১২ টাকায়। খুচরা বাজারে দাম ১৫-২০ টাকা। অথচ উৎপাদন, পরিবহন ও হিমাগার ভাড়াসহ প্রতি কেজি আলুতে কৃষক ও ব্যবসায়ীদের খরচ পড়েছে ২২ থেকে ২৫ টাকা। অর্থাৎ পাইকারি বাজারে বিক্রি করলে প্রতি কেজিতে গড়ে ১১ থেকে ১৩ টাকা লোকসান গুনতে হচ্ছে। এই দামে আলু বিক্রি করে উৎপাদন খরচ তো দূরের কথা, হিমাগারের ভাড়া ও পরিবহন ব্যয় মেটানোও কঠিন হয়ে পড়েছে।
লোকসানের হিসাব মেলাতে না পেরে অনেক কৃষক ও ব্যবসায়ী হিমাগার থেকে আলু তুলছেন না। তাদের প্রত্যাশা, বাজারে চাহিদা বাড়লে দাম কিছুটা বাড়বে। কিন্তু নতুন আলু বাজারে আসতে শুরু করলে পুরোনো আলুর দাম আরো কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে দাম বাড়ার অপেক্ষায় থাকা কৃষকদের সামনে সময়ও দ্রুত ফুরিয়ে আসছে।
হিমাগারে এখনো দেড় লাখ টন বাণিজ্যিক আলু
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যানুযায়ী, রাজশাহীতে মোট ৪০টি কোল্ড স্টোরেজ বা হিমাগার রয়েছে। এর মধ্যে দুটি বন্ধ। জেলায় এসব হিমাগারের মোট ধারণক্ষমতা পাঁচ লাখ ১৫ হাজার ৭৮৪ টন। চলতি সংরক্ষণ মৌসুমে খাবার ও বীজ আলু মিলিয়ে সংরক্ষণ করা হয়েছিল পাঁচ লাখ ১১ হাজার ২১৯ টন।
অধিদপ্তরের হিসাব অনুযায়ী, জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত হিমাগার থেকে খালাস হয়েছে তিন লাখ ৪৪ হাজার ৪৬ টন আলু। এখনো অবশিষ্ট রয়েছে এক লাখ ৬৭ হাজার ১৭৩ টন। অন্যদিকে রাজশাহী হিমাগার মালিক সমিতির হিসাব অনুযায়ী, সংরক্ষিত আলুর প্রায় অর্ধেক খালাস হয়েছে। অবশিষ্ট আলুর এক-তৃতীয়াংশ বীজ হিসেবে ব্যবহারের জন্য রাখা হবে। সে হিসাবে এখনো প্রায় দেড় লাখ টন বাণিজ্যিক আলু অবিক্রীত রয়েছে।
এই বিপুল পরিমাণ আলু নিয়ে নতুন করে সংকট তৈরি হয়েছে। কারণ, আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে নতুন মৌসুমের আলু সংরক্ষণের জন্য হিমাগারগুলোতে সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্রয়োজনীয় প্রস্তুতির কাজ করতে হবে। এ কারণে পুরোনো আলু সরিয়ে নিতে ৩০ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন মালিকরা। কৃষক ও ব্যবসায়ীদের দুরবস্থা বিবেচনায় সময় কিছুটা বাড়িয়ে ডিসেম্বর পর্যন্ত সুযোগ দেওয়ার কথা বলা হলেও শেষ পর্যন্ত কত দিন সময় পাওয়া যাবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
আলু ছাড়ালেও লোকসান, না ছাড়ালেও নিলামের ভয়
মোহনপুর উপজেলার বসন্তকেদার গ্রামের আলুচাষি শেখ মবিনুর রহমান পবা উপজেলার উত্তরা স্টোরে ২৫০ বস্তা আলু সংরক্ষণ করেছেন। উৎপাদন থেকে শুরু করে হিমাগারে নেওয়া পর্যন্ত প্রতি কেজি আলুতে তার খরচ হয়েছে ২২ থেকে ২৫ টাকা। অথচ বর্তমানে পাইকারি বাজারে ওই আলু বিক্রি করতে হচ্ছে ১০-১২ টাকায়।
নিজের লোকসানের কথা তুলে ধরে তিনি বলেন, এই দামে আলু বিক্রি করলে প্রতি কেজিতে ১০-১২ টাকা লোকসান হচ্ছে। আলু বিক্রি করে হিমাগারের ভাড়াও মেটানো যাচ্ছে না। আমার মতো হাজার হাজার কৃষক এখন দুই সংকটে পড়েছেন। আলু বের করলেও লোকসান, না তুললেও বিপদ। নির্ধারিত সময়ে আলু না তুললে হিমাগার মালিক নিলামে বিক্রি করে ভাড়া আদায় করবেন। তাহলে আমরা যাব কোথায়?
শুধু কৃষক নন, আলু কিনে হিমাগারে মজুত করা ক্ষুদ্র ব্যবসায়ীদের অবস্থাও একই রকম। বাজারে দাম বাড়বে—এমন আশায় মৌসুমের শুরুতে আলু কিনে সংরক্ষণ করেছিলেন তারা। কিন্তু প্রত্যাশিত দাম না পাওয়ায় ওই বিনিয়োগ এখন লোকসানের বোঝা হয়ে দাঁড়িয়েছে।
রাজশাহীর বায়া এলাকার আলু ব্যবসায়ী রেন্টু আলী জানান, তার সংরক্ষিত আলুর প্রায় ৬০ শতাংশ এখনো হিমাগারে রয়েছে। আর বড়জোর এক মাস সময় পেলেও এত বিপুল পরিমাণ আলু কোথায় বিক্রি করবেন, তা নিয়ে দুশ্চিন্তায় আছেন তিনি।
তিনি আরো বলেন, খুব বেশি হলে আর এক মাস সময় পাওয়া যাবে আলু হিমাগার থেকে তোলার জন্য। কিন্তু মাত্র এক মাসের মধ্যে বিপুল পরিমাণ আলু কীভাবে কোথায় বিক্রি করব, সেটাই বড় প্রশ্ন। আমরা যে পরিমাণ আলু সংরক্ষণ করেছি, তার ৬০ শতাংশ এখনো হিমাগারেই রয়েছে। আলু খালাস করে উৎপাদন খরচ তো দূরের কথা, হিমাগার ভাড়াই উঠছে না। ব্যবসায়ীদের আশঙ্কা, নতুন আলু বাজারে আসতে শুরু করলে পুরোনো আলুর চাহিদা আরো কমে যাবে। তখন বর্তমানের চেয়েও কম দামে আলু বিক্রি করতে হতে পারে। ফলে হিমাগার খালি করার তাগিদ এবং নতুন আলুর আগমন—দুইয়ের চাপে তাদের বিনিয়োগ আরো ঝুঁকির মুখে পড়েছে।
হিমাগার মালিকদেরও সময়সীমা মানার তাগিদ
হিমাগার মালিকদের বক্তব্য, নতুন মৌসুমের আলু সংরক্ষণের জন্য নির্ধারিত সময়ের মধ্যে হিমাগার খালি করা জরুরি। চুক্তি অনুযায়ী ৩০ নভেম্বর পর্যন্ত আলু রাখার সুযোগ রয়েছে। এরপরও আলু রেখে দিলে নতুন মৌসুমের প্রস্তুতি ব্যাহত হবে।
রাজশাহী হিমাগার মালিক সমিতির সাধারণ সম্পাদক ফজলুর রহমান বলেন, কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে চুক্তি অনুযায়ী ৩০ নভেম্বর পর্যন্ত আলু রাখার নিয়ম রয়েছে। তবে বাজার পরিস্থিতি ও কৃষকদের দুরবস্থার কথা বিবেচনা করে আরো কিছুদিন সময় দেওয়া হতে পারে। কিন্তু ডিসেম্বরের মধ্যে হিমাগার খালি করতেই হবে। গত বছর আলু খালাসের জন্য মাইকিং করতে হয়েছিল। এবারও প্রয়োজন হলে নোটিস দেওয়ার পাশাপাশি মাইকিং করা হবে।
বায়া এলাকার আসমা হিমাগারের ব্যবস্থাপক আলী আশরাফ হোসেন বলেন, নোটিস দেওয়ার পরও অনেক চাষি ও ব্যবসায়ী হিমাগার থেকে আলু তুলছেন না। ৩০ নভেম্বরের পর আর আলু রাখা সম্ভব হবে না। নির্ধারিত সময়ে আলু খালাস না করলে নিলামে বিক্রি করে বকেয়া ভাড়া আদায় করা হবে।
দুই মৌসুমের লোকসানে পুঁজি সংকট, চাষ ছাড়ার চিন্তা
রাজশাহী জেলা আলু ও কাঁচামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইফতেখারুল ইসলাম বলেন, গত দুই মৌসুম ধরেই রাজশাহীর আলুচাষি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা লোকসানের মুখে রয়েছেন। এবারও উৎপাদন খরচের চেয়ে অনেক কম দামে আলু বিক্রি করতে হচ্ছে। এতে হাজার হাজার কৃষক ও ব্যবসায়ী তাদের পুঁজি হারাচ্ছেন। অনেকে আগামী মৌসুমে আলু চাষ না করার কথা ভাবছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

