আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

উপজেলা প্রতিনিধি, লালপুর (নাটোর)

আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

ফিফা বিশ্বকাপ ২০২৬-কে স্বাগত জানিয়ে নাটোরের লালপুর উপজেলা আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা। নীল-সাদা রঙের উচ্ছ্বাস, প্রিয় দলের জার্সি, পতাকা এবং শত শত সমর্থকের অংশগ্রহণে পুরো এলাকা পরিণত হয় এক উৎসবমুখর পরিবেশে।

মঙ্গলবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আর্জেন্টিনা সমর্থকরা জাতীয় পতাকা, আর্জেন্টিনার পতাকা, ব্যানার-ফেস্টুন এবং প্রিয় দলের জার্সি পরে লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সমবেত হন। পরে সেখান থেকে একটি বিশাল শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিজ্ঞাপন

শোভাযাত্রা চলাকালে পুরো লালপুর নীল-সাদা রঙে সেজে ওঠে। পথে পথে ফুটবলপ্রেমীরা করতালি, স্লোগান ও উল্লাসের মাধ্যমে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানান। অনেকেই পরিবার-পরিজন নিয়ে এই আয়োজন উপভোগ করেন। সমর্থকদের প্রাণচাঞ্চল্য ও উচ্ছ্বাসে সৃষ্টি হয় এক আনন্দঘন উৎসবের আবহ।

আয়োজকরা জানান, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি বিশ্বজুড়ে মানুষের মধ্যে সম্প্রীতি, বন্ধুত্ব ও সৌহার্দ্যের বন্ধন গড়ে তোলে। বিশ্বকাপ ২০২৬-কে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে আগ্রহ ও উদ্দীপনা ছড়িয়ে দেওয়া এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

শোভাযাত্রায় অংশ নেওয়া আর্জেন্টিনা সমর্থক বুলেট খান বলেন, “বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতি ভালোবাসা থেকেই আমাদের এই আয়োজন। আমরা বিশ্বাস করি, আগামী বিশ্বকাপেও আর্জেন্টিনা দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে সমর্থকদের প্রত্যাশা পূরণ করবে।”

বর্ণাঢ্য এ শোভাযাত্রাকে ঘিরে লালপুরের ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, বিশ্বকাপের উন্মাদনা সামনে আরও বাড়বে এবং ফুটবলকে কেন্দ্র করে সম্প্রীতি ও আনন্দের এই বন্ধন আরও সুদৃঢ় হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...