আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

স্মার্টফোন আসক্তি বাড়ছে শিশুদের

মিজানুর রহমান, তানোর (রাজশাহী)

স্মার্টফোন আসক্তি বাড়ছে শিশুদের

রাজশাহীর তানোর উপজেলা এলাকায় শিশু-কিশোরদের মধ্যে স্মার্টফোন আসক্তি বাড়ছে। অভিভাবক ও শিক্ষকদের অভিযোগ, অতিরিক্ত মোবাইল ব্যবহারের কারণে পড়াশোনায় মনোযোগ কমছে, কমছে বইপড়ার অভ্যাসও।

উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, রমজান মাসে স্কুল-কলেজ বন্ধ থাকলেও মোবাইল ব্যবহারের প্রবণতা কমেনি, বরং অনেক ক্ষেত্রে বেড়েছে। অবসর সময়ের বেশির ভাগটাই শিশুরা কাটাচ্ছে গেম খেলে বা ভিডিও দেখে। মাঠে খেলাধুলা ও সামাজিক মেলামেশা আগের তুলনায় কমে গেছে।

বিজ্ঞাপন

এক সহকারী শিক্ষক বলেন, ‘আগে শিক্ষার্থীরা যেকোনো প্রশ্নের উত্তর জানতে বই খুলত, এখন সরাসরি মোবাইল খোঁজে। এতে তাদের নিজস্ব চিন্তাশক্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

বাংলা বিভাগের প্রভাষক তাহমিদ মাহামুদ বলেন, সৃজনশীল ও বিশ্লেষণধর্মী প্রশ্নে দুর্বলতা বাড়ছে। পড়ার অভ্যাস কমে যাওয়াই এর বড় কারণ।’ প্রধান শিক্ষক এরফান আলী বলেন, প্রযুক্তি প্রয়োজনীয় হলেও নিয়ন্ত্রণহীন ব্যবহার ক্ষতিকর। পরিবার ও বিদ্যালয়কে সমন্বিতভাবে কাজ করতে হবে।’

সুজন—সুশাসনের জন্য নাগরিক তানোর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, ‘অভিভাবকদের আরো সচেতন হতে হবে। সন্তানদের সময় না দিলে তারা ভার্চুয়াল জগতে বেশি ডুবে যাচ্ছে।

শিক্ষাবিদদের মতে, নির্দিষ্ট সময়সীমা বেঁধে মোবাইল ব্যবহার, পরিবারে বইপড়ার পরিবেশ তৈরি এবং খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিশুদের সম্পৃক্ত করা গেলে এ প্রবণতা কমানো সম্ভব।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান বলেন, ‘রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও শিশুদের ব্যবস্থাপনায় পরিবারকে দায়িত্বশীল হতে হবে। স্কুলভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম ও অভিভাবক সমাবেশ আয়োজনের পরিকল্পনা রয়েছে। প্রযুক্তিকে ইতিবাচকভাবে ব্যবহারে আমরা উদ্যোগ নেব।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন