আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে আহত পুলিশ সদস্য

উপজেলা প্রতিনিধি, চাটমোহর (পাবনা)

চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে আহত পুলিশ সদস্য

পাবনার চাটমোহরে চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত জিআরপি পুলিশ সদস্য সোহেল রানা (৪০) দিনাজপুর জেলার বিরল উপজেলার নেরাবাড়ী গ্রামের মৃত হাসান আলীর ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চগড়-ঢাকার মধ্যে চলাচলকারী আন্তঃনগর একতা এক্সপ্রেস (৭০৬) শনিবার সকাল ৭টার দিকে চাটমোহর রেলস্টেশনের ২ নং লাইন দিয়ে অতিক্রম করার সময় ট্রেনের দরজায় দাঁড়িয়ে থাকা সোহেল ছিটকে পড়ে আহত হন। এ সময় স্টেশন মাস্টার এবং অন্যান্য পুলিশ সদস্য তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে চিকিৎসা দে়ন।

চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার হুমায়ুন কবির জানান, রোগীর মাথায় এবং বুকে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে।

এদিকে চাটমোহর রেলওয়ে স্টেশন মাস্টার জহুরুল ইসলাম জানান, ট্রেন ক্রসিংয়ের কারণে মুলাডুলি স্টেশনে অনির্ধারিত যাত্রাবিরতি করে একতা এক্সপ্রেস। এ সময় তিনি স্টেশনে নামার পর ট্রেন ছেড়ে দিলে দৌড়ে এসে ট্রেনে ওঠেন। কিন্তু দরজা বন্ধ থাকায় তিনি হ্যান্ডেল ধরে ঝুলছিলেন। চাটমোহরে এলে পুলিশ সদস্য সোহেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে আহত হন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন