সিরাজগঞ্জের সলঙ্গা থেকে ১২ লাখ ৬৯ হাজার ৭শ’ টাকার জাল নোটসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন র্যাব-১২ সদস্যরা।
গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার রায়গঞ্জ উপজেলার বেড়াবাজুয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২০) ও একই গ্রামের মোক্তার হোসেনের ছেলে আবুল হাসান (২৯)।
সোমবার দুপুরে র্যাব-১২ সিরাজগঞ্জ সদর দপ্তরের হলরুমে প্রেস ব্রিফিং এ তথ্য জানান র্যাব-১২'র অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আতিকুর রহমান মিয়া পিপিএম।
প্রেস ব্রিফিং এ র্যাব-১২ এর অধিনায়ক জানান, জাল টাকার নোট মজুদ রেখে ক্রয়-বিক্রয় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে জেলার সলঙ্গার হাটিকুমরুলের নিউ মায়ের আঁচল হোটেলের সামনে অভিযান চালানাে হয়। এ সময় রবিউল ইসলাম ও আবুল হাসানকে ৫ হাজার টাকার জালনোট, ২টি মোবাইলসহ গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের দেয়া তথ্যমতে সলঙ্গার ধোপাকান্দি থেকে হাকিম শেখের ভাড়া বাসা থেকে ১২ লাখ ৬৪ হাজার ৭শ’ টাকার জালনোট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আসামিরা দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ জেলাসহ আশপাশ এলাকায় জাল নোটের ব্যবসা করে আসছে বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

