রাজশাহীতে চাল কেলেঙ্কারি

বাগমারা উপজেলা খাদ্য কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

বাগমারা উপজেলা খাদ্য কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

নিম্নমানের পচা চাল কেনার অভিযোগে রাজশাহীর বাগমারা উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বাচ্চু মিয়াকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। গত বৃহস্পতিবার খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব জয়নাল মোল্লা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নির্দেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে বাচ্চু মিয়াকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

সূত্র জানায়, উপজেলার ভবানীগঞ্জ খাদ্যগুদামে সম্প্রতি কমপক্ষে তিন কোটি টাকার নিম্নমানের তামাটে পচা চাল কেনার অভিযোগ ওঠে। ওই ঘটনায় বাচ্চু মিয়াকে গত ৭ সেপ্টেম্বর সাময়িকভাবে বরখাস্ত করা হয়। অভিযোগে বলা হয়, তিনি ভালোমানের চাল পরিবর্তন করে অসৎ উদ্দেশ্যে নিম্নমানের চাল গুদামে মজুত করেছেন।

বিজ্ঞাপন

চাল সংগ্রহের জন্য এ বছর বাগমারার তিনটি চালকল- কনক চালকল, আরাফাত চালকল ও ভাই ভাই চালকল খাদ্য বিভাগের সঙ্গে চুক্তিবদ্ধ ছিল। এছাড়া তানোর উপজেলার আবদুস সাত্তার চালকল, হড়গ্রামের বাদশা রাইস মিল, মোহনপুরের নুরজাহান চালকল, মাহফুজ চালকল ও মোল্লা চালকল থেকেও ধান ছাঁটাই করে মোট এক হাজার ২১১ টন চাল সরবরাহ করা হয় ভবানীগঞ্জ খাদ্যগুদামে।

পরে উপজেলা প্রশাসনের অভিযানে ওই গুদামে মজুত থাকা চালের মান পরীক্ষায় দেখা যায়, চালগুলো তামাটে ও পচা, যা খাওয়ার অনুপযোগী। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। বিষয়টি জানার জন্য বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও বাচ্চু মিয়া ফোন ধরেননি।

বিশ্লেষকরা বলছেন, এ ঘটনা শুধু খাদ্য বিভাগেই নয়; প্রশাসনের ভেতরে থাকা দুর্নীতির আরেকটি উদাহরণ। তারা এমন ঘটনার স্বচ্ছ তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন