চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে বিএসএফকে পুশইনে সহায়তার অভিযোগে সাতজনকে আটক করা হয়েছে।
পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, সোমবার রাত পৌনে ১১টার দিকে রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২২৫/৩-আর এলাকা দিয়ে ভারতের ৮৮ বিএসএফ সদস্য এক নারীকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করানোর চেষ্টা করে। স্থানীয়দের সহযোগিতায় ও বিজিবির তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়।
এ ঘটনায় মঙ্গলবার ভোরে বিজিবি উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর পশ্চিমপাড়ার দোস মোহাম্মদের ছেলে বাবুল আক্তার (৪০), রোকনপুর নেতারপাড়ার এমদাদুল হক জেন্টু (৩৮), রোকনপুর পশ্চিমপাড়ার রয়েল (২৬) ও আজমকে (৩৫) আটক করে গোমস্তাপুর থানার পুলিশে হস্তান্তর করে।
পরে একই ঘটনায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একই এলাকার আলম (৩৮), আসমাউল হক (৩০)ও মেজবাউল (৩০) নামে আরো তিনজনকে আটক করে।
গোমস্তাপুর থানার ওসি নুরে আলম জানান, বিজিবির মাধ্যমে চারজনকে থানায় সোপর্দ করা হয়। পরবর্তীতে পুলিশের অভিযানে আরো তিনজনকে আটক করা হয়। এ ঘটনায় মোট সাতজন পুলিশ হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

