নওগাঁর আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকে গণডাকাতির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে প্রায় ২টা পর্যন্ত ভাঙাব্রিজ নামক স্থানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে ডাকাতদল আঞ্চলিক মহাসড়কের ওই স্থানে রাস্তার ওপর নৌকা ও টেবিল দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ৪০ থেকে ৫০টি যানবাহনে গণডাকাতি করে। এ সময় ডাকাতেরা অস্ত্রের ভয় দেখিয়ে চালক ও যাত্রীদের জিম্মি করে সর্বস্ব লুটে নেয়।
ডাকাত দলের কবলে পড়া সৌদি প্রবাসী জয়নাথপুর গ্রামের আশরাফুল ইসলামের বাবা সাইদুর রহমান বলেন, ‘আমার ছেলে সৌদি আরব থেকে দেশে ফিরে নাটোর থেকে সিএনজি অটোযোগে বাড়ি আসছিল। ওই স্থানে আসার পর ডাকতেরা তাদের অস্ত্রের মুখে জিম্মি করে একটি আইফোন ও একটি মোবাইলফোনসহ নগদ অর্থ ছিনিয়ে নেয়।’
বিহারিপুর গ্রামের জাহাঙ্গীরের ছেলে মাইক্রোচালক হাবিবুর রহমান বলেন, ‘আমি ঢাকা থেকে মাইক্রোবাস নিয়ে আসছিলাম। ঘটনাস্থলে পৌঁছার পর বিভিন্ন যানবাহনের লম্বা সারি দেখতে পাই। ডাকাতেরা অস্ত্রের ভয় দেখিয়ে ৪ হাজার টাকা ছিনিয়ে নেয়।’
একজন মাইক্রোবাসচালকের অভিযোগ, তিনি আক্রান্ত হওয়ার পরপরই আত্রাই থানায় ফোন দিলে পুলিশ তাকে জানান, ‘এটি আমাদের এরিয়া না। তবে বিষয়টিকে অস্বীকার করেছেন আত্রাই থানার এসআই ইফতেখার। তিনি বলেন, ‘আমাদের থানায় ওই সময় ৯৯৯ নম্বরে কোনো ফোন আসেনি। বরং ঘটনার পরপরই ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়েছি।’
সোমবার সংবাদ পেয়ে নওগাঁ জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল ও জেলা ডিবি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এসআই ইফতেখার আরও জানান, এ ব্যাপারে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

