বগুড়ার শেরপুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের (ডিভাইডার) সঙ্গে সজোরে ধাক্কা লেগে মো. গোলাম রব্বানী (৩৩) নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি পুলিশ সদর দপ্তরে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় গাড়িতে থাকা অন্য আরোহীরা আহত হয়েছেন।
গতকাল শুক্রবার রাত ৮টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ঢাকামুখী লেনে ছোনকা ওভারপাসের সংযোগস্থলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গোলাম রব্বানী রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় কালিয়া গ্রামের জালাল মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ছুটি কাটিয়ে গ্রামের বাড়ি থেকে কর্মস্থল ঢাকায় ফিরছিলেন এসআই গোলাম রব্বানী। তাকে বহনকারী ব্যক্তিগত জিপ গাড়িটি (ঢাকা মেট্রো-ঘ-১১-৬৮০৭) ছোনকা ওভারপাসের মুখে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় গাড়িটি সড়ক বিভাজকে সজোরে ধাক্কা দিলে সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে গাড়ির পেছনের আসনে থাকা গোলাম রব্বানী ঘটনাস্থলেই মারা যান এবং গাড়িতে থাকা অন্য আরোহীরা আহত হন। দুর্ঘটনার পর চালক পালিয়ে যান।
শেরপুর থানার এসআই জাহিদ জানান, স্থানীয়রা হতাহতদের উদ্ধার করেন। পরবর্তীতে ঘটনাস্থলে গিয়ে নিহতের কাছে থাকা পুলিশের দাপ্তরিক পরিচয়পত্র দেখে তার পরিচয় নিশ্চিত করা হয়।
শেরপুর হাইওয়ে থানার ওসি জাকির হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রেকারের সাহায্যে ক্ষতিগ্রস্ত গাড়িটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়। ফলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক থাকে। পুলিশ কর্মকর্তার লাশ শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

