দিনাজপুরে ৩২ লাখ টাকার কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার

দিনাজপুরে ৩২ লাখ টাকার কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার

দিনাজপুরে ৪২ বিজিবি ব্যাটালিয়নের বিশেষ অভিযানে ৩২ লাখ ১৫ হাজার টাকা মূল্যমানের দুষ্প্রাপ্য কষ্টিপাথরের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. পারভেজ মন্ডল (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ আগস্ট) রাত আড়াইটার দিকে দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানের নেতৃত্বে বিজিবি, ম্যাজিস্ট্রেট, র‌্যাব ও দিনাজপুর সদর থানা পুলিশের একটি যৌথ দল শহরের চাতরাপাড়া এলাকায় একটি বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় পারভেজ মন্ডলকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ৩২ কেজি ১৫০ গ্রাম ওজনের কষ্টিপাথরের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়।

আটক মো. পারভেজ মন্ডল দিনাজপুর সদর উপজেলার চাতরাপাড়া এলাকার মৃত লবানা মন্ডলের ছেলে।

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিটির সিজার মূল্য ৩২ লাখ ১৫ হাজার টাকা। তবে প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বিবেচনায় এ ধরনের নিদর্শনের প্রকৃত মূল্য অপরিসীম।

আটক পারভেজ মন্ডলকে উদ্ধার করা বিষ্ণুমূর্তিসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দিনাজপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, ‘দেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য রক্ষা এবং প্রত্নসম্পদ পাচার প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান অব্যাহত রাখবে। পাশাপাশি মাদক, মানবপাচার, অস্ত্র ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনেও বিজিবি সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...