রংপুরের গঙ্গাচড়া উপজেলার চর বিনবিনা এলাকার নাসিমা বেগমের জীবনে যেন একের পর এক দুর্যোগ নেমে এসেছে। সাত বছর আগে সড়ক দুর্ঘটনায় স্বামীকে হারিয়েছেন। দুই সন্তানকে নিয়ে অন্যের জমিতে কাজ করে কোনোমতে চলছিল সংসার। এরই মধ্যে শরীরে ধরা পড়েছে ক্যান্সার।
চিকিৎসার খরচ জোগানোই যেখানে কঠিন, সেখানে আগুনে পুড়ে ছাই হয়েছে মাথা গোঁজার একমাত্র ঘরটিও। স্বামীহারা ও ক্যান্সারে আক্রান্ত নাসিমা এখন নিজের জীবন এবং সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। এমন দুঃসময়ে সরকারি-বেসরকারি সহায়তার অপেক্ষায় রয়েছে তার অসহায় পরিবার।
নাসিমা বেগম কোলকোন্দ ইউনিয়নের চর বিনবিনা এলাকার খাজা আলমের মেয়ে। তার স্বামী রবিউল ইসলাম পেশায় অটোরিকশাচালক ছিলেন। সাত বছর আগে সড়ক দুর্ঘটনায় স্বামীকে হারানোর পর দুই সন্তানকে নিয়ে শুরু হয় তার জীবনসংগ্রাম। স্বামীহারা হয়েও ভেঙে পড়েননি তিনি। অন্যের জমিতে কাজ করে সংসারের খরচ চালানোর পাশাপাশি সন্তানদের পড়াশোনার ব্যয় বহন করতেন। শত কষ্টের মধ্যেও সন্তানদের নিয়ে ভালোভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখতেন। কিন্তু সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় অসুস্থতা।
পিত্তথলির পাথর অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হলেও প্রায় তিন মাস আগে তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসার ব্যয় বহন করতে না পেরে অসুস্থ মেয়েকে নিজের বাড়িতে নিয়ে আসেন বৃদ্ধ বাবা খাজা আলম।
পরিবারটির সংকট আরও গভীর। নাসিমার একমাত্র ভাই সবুজ মিয়া জন্মগতভাবে বাক্প্রতিবন্ধী ও মানসিক ভারসাম্যহীন। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি মূলত বৃদ্ধ বাবা খাজা আলম। বয়সের ভারে ন্যুব্জ এই বাবার পক্ষে অসুস্থ মেয়ের চিকিৎসা, নাতি-নাতনির পড়াশোনা এবং পরিবারের সবার ভরণপোষণ চালানোই কঠিন হয়ে পড়েছে।
এমন পরিস্থিতিতে গত ১৯ নভেম্বর বিকেলে আগুনে পুড়ে যায় তাদের বসতঘর। ঘরে থাকা আসবাবপত্রসহ প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে মাথা গোঁজার শেষ আশ্রয়টুকুও হারায় পরিবারটি। বর্তমানে একটি মাত্র ঘরে নাসিমা, তার বৃদ্ধ বাবা-মা, প্রতিবন্ধী ভাই ও দুই সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
কান্নাজড়িত কণ্ঠে নাসিমা বেগম বলেন, স্বামীকে হারিয়ে দুই সন্তানকে নিয়ে শত কষ্টের মধ্যেও বেঁচে থাকার স্বপ্ন থেকে পিছিয়ে যাননি তিনি। কিন্তু ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন। এখন থাকার একমাত্র ঘরটিও আগুনে পুড়ে গেছে। এখন পর্যন্ত সরকারি-বেসরকারি কেউ কোনো সহায়তা করেনি। কীভাবে চিকিৎসা করাবেন, সন্তানদের কীভাবে মানুষ করবেন, তা বুঝতে পারছেন না তিনি।
বিনবিনা এলাকার সচেতন যুবক জুয়েল মিয়া বলেন, সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন। নিজেকে সমাজসেবক হিসেবে পরিচয় দেওয়া মানুষের অভাব নেই। অথচ এমন মানবেতর জীবনযাপন করা একটি পরিবারের পাশে এখন পর্যন্ত কেউ দাঁড়াননি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।
একই এলাকার লবিব মিয়া বলেন, চর এলাকার মানুষের ভোটের সময় সবাই আসে। কিন্তু খাজা আলমের মতো অসহায় একটি পরিবারের পাশে কেউ না দাঁড়ানো দুঃখজনক। মানুষের সেবার কথা বলা হলেও বাস্তবে এমন বিপদে তাঁদের পাশে কাউকে পাওয়া যাচ্ছে না।
কোলকোন্দ ইউনিয়নের ৫ নম্বর বিনবিনা এলাকার ইউপি সদস্য মনোয়ারুল ইসলাম বলেন, পরিষদের পক্ষ থেকে সরকারি সহায়তার জন্য আবেদন করা হয়েছে। আশা করছি, পরিবারটি সরকারি সহায়তা পাবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার বলেন, বাড়ি পুড়ে যাওয়ার বিষয়ে তথ্য পেয়েছি। তবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে এখন পর্যন্ত কেউ যোগাযোগ করেননি। যোগাযোগ করলে আমরা সাধ্য অনুযায়ী সহযোগিতা করব।
স্বামী হারানোর পর দুই সন্তানকে নিয়ে নতুন করে জীবন গড়ার চেষ্টা করেছিলেন নাসিমা। কিন্তু ক্যান্সার ও অগ্নিকাণ্ডের পর তার সেই লড়াই আরও কঠিন হয়ে উঠেছে। নিজের চিকিৎসা, সন্তানদের পড়াশোনা এবং বসতঘর পুনর্নির্মাণের সামর্থ্য নেই পরিবারের। এমন পরিস্থিতিতে নাসিমার চিকিৎসা ও পরিবারের পুনর্বাসনে সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতা কামনা করেছেন স্থানীয়রা।
অসহায় নাসিমা বেগমের সঙ্গে যোগাযোগ ও সহায়তায় বিকাশ নম্বর: ০১৩২৪-০১৪৯২৮।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

