পীরগাছায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দুই শিক্ষক গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, পীরগাছা (রংপুর)

পীরগাছায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দুই শিক্ষক গ্রেপ্তার

পীরগাছা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ সরকারের ওপর হামলার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে এসআই মোস্তফা কামালের নেতৃত্বে অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার দুপুরে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন— লুৎফর রহমান (৫৫), পীরগাছা সদর ইউনিয়নের তালুক ঈশাদ (শটিপাড়া) গ্রামের মৃত রইছ উদ্দিন ঘুঘুর ছেলে এবং স্বচাষ তালতলা দাখিল মাদরাসার সুপার; অপরজন লুৎফর রহমান (৪৫), পূর্ব চন্ডিপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে এবং রামচন্দ্র মৌজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

পীরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল বলেন, “রাতেই অভিযান চালিয়ে দুই লুৎফরকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

পীরগাছা থানার ওসি একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম বলেন, “সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দ্রুততার সঙ্গে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে।”

জানা যায়, দাখিল পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী অংশগ্রহণ, জাল সনদ ও নকল বাণিজ্য সংক্রান্ত একটি সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আব্দুল কুদ্দুছ সরকারের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, একটি মাদরাসার সুপার ও দুই শিক্ষক হামলার নেতৃত্ব দেন।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...