জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি বলেছেন, “প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীন সফর করেছেন, কিন্তু কোনো অর্জন নিয়ে আসতে পারেননি।”
তিনি অভিযোগ করে বলেন, উত্তরাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন বৈষম্যের শিকার। বিরোধীদলীয় বেশিরভাগ সংসদ সদস্য উত্তরাঞ্চলের হওয়ায় পরিকল্পিতভাবে এ অঞ্চলের বড় উন্নয়ন বাজেট কমিয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার টগরাইহাট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কৃষক সমাবেশ ও জাতীয় কৃষক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “উত্তরবঙ্গে যে আঞ্চলিক বৈষম্য ও অর্থনৈতিক বৈষম্য রয়েছে, এবারের বাজেটে সরকার সেই বৈষম্য দূর করতে পারেনি। জনগণকে অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। আমরা এটা মেনে নেব না।”
তিনি বলেন, উত্তরাঞ্চলের মানুষ জুলাই গণঅভ্যুত্থানে জীবন দিয়েছেন। আবু সাঈদ দুই হাত প্রসারিত করে জীবন দিয়েছেন। তারা ভোট দিয়ে ১১ দলকে জয়যুক্ত করেছেন। তাদের ভোটাধিকার ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা হবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।
তিনি বলেন, “আমাদের কৃষকরা বিভিন্ন সময়ে ঋণ গ্রহণ করেন। সেই ঋণ পরিশোধ করতে না পেরে অনেকে আত্মহত্যা করেছেন। অথচ বাংলাদেশে এমন অনেক ব্যক্তি রয়েছেন, যারা হাজার হাজার কোটি টাকা ঋণখেলাপি। কিন্তু কৃষকদের ১০ হাজার, ২০ হাজার কিংবা ৩০ হাজার টাকার ঋণের কারণে জীবন দিতে হয়—এটি আমাদের জন্য বড় লজ্জার বিষয়।”
কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ বলেন, “গত ১৭ বছরে বাংলাদেশের উন্নয়নের জন্য যে বাজেট হয়েছে, সেখানে মাত্র শূন্য দশমিক ২২ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে কুড়িগ্রামের জন্য। অন্যদিকে গোপালগঞ্জ পেয়েছে ৫ শতাংশ। শুধু ১৭ বছর নয়, গত ৫৪ বছর ধরেই কুড়িগ্রামের মানুষ বঞ্চিত।”
তিনি আরও বলেন, “কুড়িগ্রামের মানুষ ভ্যাট দেয়, ট্যাক্স দেয়। রাষ্ট্রীয় কোষাগারে যে অর্থ জমা হয়, সেখান থেকেই রাস্তা-ঘাট, ব্রিজসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বরাদ্দ দেওয়া হয়। এটি কোনো দলের অনুগ্রহ নয়, এটি বাংলাদেশের প্রতিটি মানুষের অধিকার।”
তিনি বলেন, “যেভাবে গোপালগঞ্জ, বগুড়াসহ অন্যান্য জেলা উন্নয়নের সুযোগ পাবে, একইভাবে কুড়িগ্রামকেও সমান সুযোগ দিতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ।
সমাবেশে এনসিপির বিভিন্ন অঙ্গসংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য দেন।
পরে সাইদ উজ্জ্বলকে আহ্বায়ক এবং কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিমকে সদস্য সচিব করে জাতীয় কৃষক শক্তির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

