রংপুরের পীরগঞ্জ উপজেলায় সরকার নির্ধারিত স্থানে বাসস্ট্যান্ডের কার্যক্রম চালুর দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় সচেতন এলাকাবাসী।
বৃহস্পতিবার পীরগঞ্জে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে যে স্থানে বাস থামিয়ে যাত্রী ওঠানামা করানো হচ্ছে, সেখানে পর্যাপ্ত জায়গা না থাকায় দিনের অধিকাংশ সময় যানজট সৃষ্টি হচ্ছে। এতে পথচারীসহ সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
মানববন্ধনে রংপুর শ্রমিক ইউনিয়নের পীরগঞ্জ উপজেলা শাখার সাবেক সহ-সম্পাদক সুরুজ আলী বলেন, ‘আমরা সরকার নির্ধারিত স্থানে বাসস্ট্যান্ড চাই। বর্তমানে যেখানে বাসস্ট্যান্ড রয়েছে, সেখানে জায়গা সংকট থাকায় সাধারণ মানুষের সমস্যা হচ্ছে।’
শহীদুল ইসলাম বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে সরকার নির্ধারিত স্থানে বাসস্ট্যান্ড করার কার্যক্রম দেখতে চাই। আমরা সাধারণ মানুষ বিভিন্ন ভোগান্তিতে পড়তেছি। বর্তমানে যেখানে বাসস্ট্যান্ড রয়েছে, সেখানে সারাদিন যানজট লেগেই থাকে।’
বক্তারা বলেন, বিশেষ করে রাতে দীর্ঘ সময় সড়কে যানজট সৃষ্টি হওয়ায় পথচারী, শিক্ষার্থী, নারী, শিশু ও অসুস্থ ব্যক্তিদের চলাচলে দুর্ভোগ পোহাতে হয়। এতে সড়কে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।
তারা দ্রুত সরকার নির্ধারিত স্থানে বাসস্ট্যান্ডের কার্যক্রম চালু করে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং জনদুর্ভোগ নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
মানববন্ধন শেষে স্থানীয় সচেতন এলাকাবাসীর পক্ষ থেকে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে সরকার নির্ধারিত স্থানে বাসস্ট্যান্ডের কার্যক্রম চালু, সড়কে বাস থামিয়ে যাত্রী ওঠানামা বন্ধ এবং যানজট ও জনদুর্ভোগ নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

