আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

৯ দিন পর লালমনিরহাট-বুড়িমারী রুটে ট্রেন চলাচল শুরু

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

৯ দিন পর লালমনিরহাট-বুড়িমারী রুটে ট্রেন চলাচল শুরু

লালমনিরহাট-বুড়িমারী রেলপথ বন্ধ থাকার ৯দিন পর ফের চালু হয়েছে। বুধবার সকাল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ায় স্টেশনে সাধারণ যাত্রীদের ভিড় জমেছে। ‘বুড়িমারী এক্সপ্রেস’ বুড়িমারী স্টেশন থেকে চালুর দাবিতে গত ২১ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত পাটগ্রাম ও হাতীবান্ধায় রেলপথ অবরোধ করেন স্থানীয়রা। একই দাবিতে গত মঙ্গলবার ঢাকা-বুড়িমারী মহাসড়ক কয়েকঘণ্টা অবরোধ করা হয়।

বিজ্ঞাপন

অবশেষে বুড়িমারী স্টেশন থেকে সরাসরি ঢাকা-বুড়িমারী রুটে অন্তঃনগর ট্রেনটি দ্রুত চালুর আশ্বাস এবং আপাতত ‘ডেডিকেটেড শাটল’ ট্রেনের মাধ্যমে বুড়িমারী এক্সপ্রেসের সংযোগের ব্যবস্থা করার আশ্বাসে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। এরফলে ৯ দিন বন্ধ থাকা ৪ জোড়া ট্রেন, একটি মেইল ট্রেন, একটি কমিউটার ট্রেন, একটি এক্সপ্রেস ট্রেন এবং একটি লোকাল ট্রেনও চলাচল শুরু হয়েছে।

লালমনিরহাট থেকে বুড়িমারী ৮৪ কিলোমিটার দৈর্ঘ্যের এই রেলপথে মোট ১৩টি স্টেশন রয়েছে। চলাচলকারী ৪ জোড়া ট্রেনের প্রতিটিতে ১২০০ থেকে ১৬০০ যাত্রী যাতায়াত করেন।

এই রুটে নিয়মিত যাতায়াত করা যাত্রী কলা ব্যবসায়ী আবুল কালাম জানান, ট্রেন চলাচল বন্ধ থাকায় ৯ দিন থেকে ব্যবসাও বন্ধ ছিলো। খুব কম খরচে এবং কম সময়ে নিরাপদে এই রুটে ট্রেনে চলাচল করা যায়।

আরেক যাত্রী আকবর আলী জানান, এখানে সড়কপথে যোগাযোগ খুবই ঝুঁকিপূর্ণ এবং ব্যয়বহুল। তাই আমরা সবসময় ট্রেনেই যাতায়াত করি।

ট্রেননির্ভর ফেরিওয়ালা বাহার উদ্দিন জানান, ট্রেন চলাচল শুরু হওয়ায় তাদের রুজি-রোজগার আবার চালু হয়েছে। এই রুটে ট্রেনযাত্রীদের কাছে পণ্য বিক্রি করে শতাধিক ফেরিওয়ালা তাদের সংসার চালান। ট্রেন বন্ধ থাকায় তারা জীবিকা সঙ্কটে পড়েছিলেন।

অবরোধকারীরা জানান, ২০২৪ সালের ১২ মার্চ আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি একবার সরাসরি বুড়িমারী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। কিন্তু ১৩ মার্চ থেকেই এটি আবার লালমনিরহাট থেকে চলাচল শুরু করে। রেলওয়ে কর্তৃপক্ষ অন্তত ৫ বার নির্দিষ্ট দিন-তারিখ উল্লেখ করে বুড়িমারী থেকে সরাসরি ঢাকা পর্যন্ত ট্রেনটি চালুর প্রতিশ্রুতি আসছিল। কিন্তু রহস্যজনক কারণে তা বাস্তবায়ন করা হয়নি।

অবরোধে নেতৃত্ব দেওয়া পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি সালাউদ্দিন আহমেদ ওপেল বলেন, আপাতত ‘ডেডিকেটেড শাটল’ ট্রেনের মাধ্যমে লালমনিরহাট রেলস্টেশনে বুড়িমারী এক্সপ্রেসের সঙ্গে সংযোগ দেওয়ার আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করেছেন। এছাড়া রেল কর্তৃপক্ষ বুড়িমারী স্টেশন থেকে সরাসরি ঢাকা-বুড়িমারী রুটে ট্রেনটি চালু করার জন্য দ্রুত ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছেন। তবে আমাদের দাবি পূরণে রেল কর্তৃপক্ষ গড়িমসি করলে পুনরায় আন্দোলন করা হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

লালমনিরহাট রেলস্টেশন মাস্টার নুরন্নবী ইসলাম জানান, অবরোধ প্রত্যাহার হওয়ায় বুধবার সকাল থেকে এই রুটে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়েছে। এই রুটে প্রতিদিন ৪ জোড়া ট্রেন-একটি মেইল ট্রেন, একটি কমিউটার ট্রেন, একটি এক্সপ্রেস ট্রেন এবং একটি লোকাল ট্রেন নিয়মিত চলাচল করে। প্রতিটি ট্রেনে ১২০০ থেকে ১৬০০ যাত্রী যাতায়াত করেন। ট্রেন চলাচল শুরু হওয়ায় স্টেশনে ফের যাত্রীদের ভিড় জমেছে।

লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, লালমনিরহাট-বুড়িমারী রুটে একটি ‘ডেডিকেটেড শাটল’ ট্রেন চালুর ব্যবস্থা করা হয়েছে। এই শাটল ট্রেনটি বুড়িমারী থেকে যাত্রী নিয়ে লালমনিরহাটে এসে বুড়িমারী এক্সপ্রেসের সঙ্গে সংযোগ দেবে। বুড়িমারী থেকে সরাসরি ঢাকা পর্যন্ত বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি চালুর জন্য রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও তিনি নিশ্চিত করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন