আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ

রংপুর অফিস

রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে রংপুর সিটি কর্পোরেশন চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উপহার বিতরণ করেন সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে জানানো হয়, সিটি কর্পোরেশনের মোট ৮৫৫ জন পরিচ্ছন্নতাকর্মীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৪২ লাখ ৭৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক বলেন, সীমিত সম্পদের মধ্যেও পরিচ্ছন্নতাকর্মীদের কল্যাণে কাজ করার চেষ্টা চলছে। তাদের প্রতি আন্তরিকতা ও সম্মান প্রদর্শনের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এ সহায়তার পরিমাণ আরও বাড়ানোর চেষ্টা করা হবে।

তিনি আরও বলেন, রংপুর সিটি কর্পোরেশন কোনো নির্দিষ্ট দলের নয়; এটি সকল নাগরিকের প্রতিষ্ঠান। নগরবাসীর নাগরিক সেবা নিশ্চিত করা এবং পরিচ্ছন্নতাকর্মীদের মর্যাদা রক্ষা করা প্রশাসনের অন্যতম দায়িত্ব।

নগরীকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে পরিচ্ছন্নতাকর্মীদের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, তাদের নিরলস পরিশ্রমের ফলেই প্রতিদিন শহর পরিষ্কার থাকে। ঈদ উপলক্ষে তাদের সম্মান জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এসময় পরিচ্ছন্নতাকর্মীরা উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রংপুর মহানগরের সভাপতি ডা. নিখিলেন্দ্র শংকর গুহ রায়, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রাকিব হাসান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রুবেল রানা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা রাজ কুমার বিশ্বাসসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...