থানায় এসে সিআইডি কর্মকর্তাকে থাপ্পড়, গ্রেপ্তার কৃষক দলের নেতা

থানায় এসে সিআইডি কর্মকর্তাকে থাপ্পড়, গ্রেপ্তার কৃষক দলের নেতা
মজিবুর রহমান মজিব জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক।

দিনাজপুরে সিআইডি কর্মকর্তা মো. নওয়াবুর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে কৃষক দলের নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মজিবুর রহমান মজিব জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক।

বিজ্ঞাপন

রোববার দিবাগত রাত ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। মজিবুর রহমান মজিব দিনাজপুর পৌর শহরের বালুয়াডাঙ্গা এলাকার শেখ ইসমাইলের ছেলে।

এ ঘটনায় রাতে কোতোয়ালি থানায় মামলা করেছেন মো. নওয়াবুর রহমান। মামলায় অজ্ঞাতনামা দুজনকে আসামি করা হয়েছে।

মামলায় উল্লেখ করা হয়েছে, একটি মামলার নথিপত্র সংগ্রহ করতে রোববার রাতে তিনি কোতোয়ালি থানায় যান। নথিপত্র সংগ্রহের পর ওসির কক্ষের সামনে এক ব্যক্তি ওসি কোথায় আছেন জিজ্ঞাসা করেন। জবাবে তিনি নিজের পুলিশ পরিচয় দিয়ে একটি মামলার তদন্তের কাজে থানায় এসেছেন এবং ওসি কোথায় আছেন তা জানেন না বলে জানান।

এ সময় ওই ব্যক্তি ক্ষিপ্ত হয়ে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এর প্রতিবাদ করলে একপর্যায়ে অভিযুক্ত মজিবুর রহমান তাকে গালে সজোরে থাপ্পড় মারেন। এতে আকস্মিকভাবে তিনি স্তম্ভিত হয়ে যান।

ঘটনার সময় ডিউটি অফিসারের কক্ষে থাকা এসআই (নি.) মো. মানিক রানা, এসআই (নি.) মো. মমিনুর রহমান, কনস্টেবল মো. রফিকুল ইসলামসহ আরো কয়েকজন পুলিশ সদস্য দ্রুত এসে আসামিদের নিবৃত করার চেষ্টা করেন।

এ সময় সাক্ষীরা সিআইডি কর্মকর্তার পরিচয় আসামিদের জানালে তারা আরো ক্ষিপ্ত হয়ে সিআইডি কর্মকর্তা ও পুলিশ পরিবারকে উদ্দেশ্য করে অশ্লীল ও মানহানিকর কথাবার্তা বলেন এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করেন। পরে তারা কৌশলে ঘটনাস্থল থেকে বের হয়ে যান।

বিষয়টি থানার ওসিকে জানানো হলে তিনি আসামিকে থানা হেফাজতে রাখার নির্দেশ দেন। এরপর ডিউটি অফিসার মজিবুর রহমানকে হেফাজতে নেন। সিআইডি কর্মকর্তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে এ ঘটনায় মামলা করেন।

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নুর নবী জানান, মজিবুর রহমান মজিবকে আদালতে পাঠানো হয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন