তিস্তায় উজানের ঢলে বাড়ছে পানি, উদ্বিগ্ন মানুষ

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

তিস্তায় উজানের ঢলে বাড়ছে পানি, উদ্বিগ্ন মানুষ
ছবি: আমার দেশ

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি কিছুটা বেড়েছে। শনিবার সকাল ৯টায় লালমনিরহাটের হাতীবান্ধায় অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ বিপৎসীমার ৭৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীপাড়ের মানুষ ও পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, কয়েক দিন ধরে টানা বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে তিস্তার পানি শনিবার ভোর থেকে কিছুটা বেড়েছে।

লালমনিরহাটের পাঁচটি উপজেলার ওপর দিয়ে তিস্তা নদী বয়ে যাওয়ায় নদীতে সামান্য পানি বাড়লে গোটা জেলার সব উপজেলার নদীতীরবর্তী এলাকা প্লাবিত হয়। পানি বাড়লে নতুন নতুন এলাকা ডুবে যাবে।

বিজ্ঞাপন

তিস্তা ব্যারাজ ডালিয়া কন্ট্রোল রুম ইনচার্জ নুরুল ইসলাম জানান, শনিবার ভোর থেকে পানি কিছুটা বেড়েছে। সকাল ৯টায় তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ৭৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানান তিনি।

তিস্তা ব্যারাজ এলাকার কফিল উদ্দিন জানান, দুই দিন ধরে উজানের ঢলে তিস্তার পানি বেড়েছে। তিনি বলেন, ‘শুরু হলো আতঙ্কের দিন, কখন যে ভারতের উজানের ঢলে বন্যায় ভেসে বেড়াই হামরাগুলা সেই চিন্তায় আছি।’

তিস্তা ব্যারাজ ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, টানা বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীর পানি কিছুটা বেড়েছে । তবে এখনো বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন