কুড়িগ্রামের নাগেশ্বরীতে ঘর থেকে হারিয়ে যাওয়া ৭ মাসের ঘুমন্ত শিশু আদিবার লাশ ২৪ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তারা তল্লাশি চালিয়ে ঘরের পিছনে লেট্রিনের কুপ থেকে মৃত অবস্থায় শিশুটি লাশ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।
জানা গেছে, উপজেলার নেওয়াশী ইউনিয়নের চাকেরকুটি ব্যাপারীটারী গ্রামে সোমবার(৩০ ডিসেম্বর) দুপুরে ঘরে আমিনুল ইসলাম ও ফেরদৌসি আক্তার খুশি দম্পত্তির ৭ মাসের কন্যাশিশু আদিবা ঘুমিয়ে ছিল। এসময় শিশুটির মা বড় মেয়ে আশফিয়া খাতুন (৭) কে টিউবওয়েলে গোসল করাতে নিয়ে যান। হঠাৎ করে শিশুটির কান্না শোনেন। দৌড়ে ঘরে গিয়ে বিছানায় তাকে না পেয়ে কাঁদতে থাকেন তিনি। তার কান্না শুনে উপস্থিত হয় পরিবার ও প্রতিবেশিরা। পরে তারা আশেপাশে অনেক জায়গায় খুঁজেও তার সন্ধান পায়নি।
পুলিশ খবর পেয়ে ওইদিন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরদিন ফের তারা সেখানে গিয়ে স্থানীয়দের সাথে নিয়ে তল্লাশি চালান বাড়ির বিভিন্ন জায়গায়। পরে ঘরের পিছনে লেট্রিনের ঢাকনা তুলে কুপ থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, লেট্রিনের সেপটি ট্যাংক থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত চলমান। জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির দাদা মোহাম্মদ আলী ও দাদী আমেনা বেগমকে আটক করা হয়েছে। শিশুটির রহস্যময় নিখোঁজ হওয়ার সঠিক কারণ উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

