নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা ইসলামী যুব আন্দোলন।
শুক্রবার রাত আটটার দিকে ইসলামী যুব আন্দোলন নাগেশ্বরীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলটি কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কের নাগেশ্বরী বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজমোড়ে এসে শেষ হয়।
বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সালেহনগর এলাকায় মুজাহিদুল ইসলাম বুলবুলকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় স্থানীয় সন্ত্রাসী শেখ সিফাত ও তার সহযোগীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, একজন রাজনৈতিক ও সামাজিক কর্মীকে এভাবে হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিশেষ করে চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে যদি কাউকে প্রাণ দিতে হয়। দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠবে। তাই বুলবুল হত্যার সুষ্ঠু বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা।
সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন উপজেলা শাখার সহ-সভাপতি জি এম আনছার আলী রয়েল, যুব শাখার সভাপতি মাওলানা ইয়াসিন আলী, সেক্রেটারি মাওলানা এনামুল হক ও সাংগঠনিক সম্পাদক মাওলানা ফরহাদ হোসেন প্রমুখ।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

