রংপুরের মিঠাপুকুর উপজেলার তিনটি ইউনিয়নে বিশুদ্ধ পানির সংকট নিরসনে মানবিক উদ্যোগ হিসেবে ৫৫টি গভীর নলকূপ (টিউবওয়েল) বিতরণ করেছে যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা, বাংলাদেশ। এ প্রকল্পের মাধ্যমে প্রায় ৫ হাজার ৫০০ মানুষ পরোক্ষভাবে নিরাপদ ও বিশুদ্ধ পানির সুবিধা ভোগ করবেন বলে জানিয়েছে আয়োজকরা।
টিউবওয়েল বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য গোলাম রাব্বানী। বিশেষ অতিথি ছিলেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ, বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক, ১৬ নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর জেলা সেক্রেটারি হারুন অর রশিদ বেলাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মো. এনামুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের এইচআর অ্যান্ড অ্যাডমিন কর্মকর্তা লুৎফুন নাহার লতা।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রকল্প সহকারী আব্দুর রাজ্জাক, মো. নাঈম জোমাদ্দার, ডকুমেন্টেশন অফিসারসহ যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নিরাপদ পানীয় জল মানুষের মৌলিক অধিকার। যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য, নিরাপদ পানি এবং মানবিক সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। মিঠাপুকুর উপজেলার এ উদ্যোগ স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বিশুদ্ধ পানির প্রাপ্যতা নিশ্চিত করতে সহায়ক হবে।
অনুষ্ঠান শেষে উপকারভোগীদের মাঝে আনুষ্ঠানিকভাবে ৫৫টি টিউবওয়েল হস্তান্তর করা হয়। এ সময় উপকারভোগীরা যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

