রংপুরের কাউনিয়ায় ছোট শ্যালকের স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দুলাভাইকে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এরআগে শনিবার রাতে অভিযুক্ত দুলাভাইকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সজল মিয়া উপজেলার হারাগাছ পৌর শহরের পাঠানটারী এলাকার মাহফুজার রহমানের ছেলে।
মামলার সূত্রে জানা গেছে, গত ৫ মে সন্ধ্যায় বাড়িতে এসে ভুক্তভোগীকে ধর্ষণের চেষ্টা করে সজল মিয়া। এ সময় ভুক্তভোগীর ১০ বছর বয়সী চিৎকার শুরু করলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ভুক্তভোগী নারী জানান, প্রায় এক বছর আগেও অভিযুক্ত একই ধরনের অপচেষ্টা করেছিল। বিষয়টি তখন পারিবারিকভাবে মিমাংসা করা হলেও এবার পুনরায় একই ঘটনার শিকার হন তিনি। ঘটনার পর নিরাপত্তাহীনতায় সন্তানদের নিয়ে বাবার বাড়িতে অবস্থান করছেন তিনি।
রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানায় মামলার তদন্তকারী এসআই জাহিদুল ইসলাম জাহিদ বলেন, ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্তকে শনিবার দিবাগত রাতে গ্রেপ্তার করা হয়। রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

