স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দুই হাজারের বেশি মানুষ শহীদ হয়েছে। ২০ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। শহীদ ও আহত পরিবারগুলো দেশের নানা সংস্কারের কথা বলেছেন। তাদের সংস্কারের দাবিগুলো পূরণ করা হবে।
বুধবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, গণঅভ্যুত্থান যে এক দফা ছিল সে ছিল শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে। বাংলাদেশের সকল প্রতিষ্ঠানগুলোকে প্রায় ধ্বংস করা হয়েছে। সেই জায়গা থেকে আমরা মনে করি সংস্কার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উত্তরবঙ্গকে নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বিগত সরকারের আমলে উত্তরবঙ্গের জেলাগুলো উন্নয়নের দিক থেকে অবহেলিত ছিল। শুধুমাত্র কিছু কিছু জায়গায় উন্নয়ন সীমাবদ্ধ ছিল। যে অঞ্চলগুলো বৈষম্যশিকার হয়েছে অন্তবর্তীকালীন সরকার সেসব অঞ্চল গুলোকে বেশি গুরুত্ব দিবে।
মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম, বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

