চার যুবককে রাশিয়ার সেনাবাহিনীর কাছে বিক্রির অভিযোগ

উপজেলা প্রতিনিধি, পাটগ্রাম (লালমনিরহাট)

চার যুবককে রাশিয়ার সেনাবাহিনীর কাছে বিক্রির অভিযোগ

লালমনিরহাটের পাটগ্রামের চার যুবককে রাশিয়ার সেনাবাহিনীর কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে জামায়াতের সহযোগি যুব সংগঠনের দুই নেতা ও জামায়াতের পৌর আমিরের বিরুদ্ধে।

বিজ্ঞাপন

এ ঘটনায় তাদের বিরুদ্ধে পাটগ্রাম থানায় ৪ টি মানবপাচার মামলা দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার । বর্তমানে ওই চার যুবকের পরিবার চরম উদ্বেগ, উৎকণ্ঠা ও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।

ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, লালমনিরহাট জেলা শিবিরের সাবেক সভাপতি উপজেলা যুব বিভাগের বহিস্কৃত সভাপতি ইউনুস আলী, পৌর যুব বিভাগের সাধারণ সম্পাদক মাহিন ইসলাম ও পৌর জামায়াতের সভাপতি সোহেল রানা উচ্চ বেতনে গার্মেন্টসে চাকরির প্রলোভন দেখিয়ে জনপ্রতি সাড়ে নয় লাখ টাকা নিয়েছেন।

পরিবারগুলোর দাবি, ঢাকা উত্তরার আর এস ইন্টারন্যাশনাল (আরএল-১৪২৮) এজেন্সির মাধ্যমে তাদেরকে রাশিয়ায় পাঠানো হয়।

তারা হলেন, টেপুরগাড়ী এলাকার দেলদার রহমানের ছেলে নাজমুল হক সৌরভ (২১), রাবিউল ইসলামের ছেলে মেহেদী হাসান (২১), আফজাল হোসেনের ছেলে আল আমিন (২০) এবং আব্দুল মজিদের ছেলে আব্দুল্লাহ আল মামুন (২২)।

গত ৮ মে সকালে তারা মস্কোর বিমানবন্দর থেকে পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলেন যুবকরা। পরে রুশ সেনাবাহিনীর সদস্যরা তাদের একটি হোটেলে নিয়ে গিয়ে পাসপোর্ট, ভিসা ও মোবাইল ফোন নিয়ে নেয়। তখন তারা জানতে পারেন, চাকরির পরিবর্তে তাদের রুশ সেনাবাহিনীর কাছে বিক্রি করে দেওয়া হয়েছে।

পরিবার জানান, পণ্য সরবরাহকারীর মোবাইল ফোন ব্যবহার করে তারা কান্নাজড়িত কণ্ঠে এসব কথা জানান। পরে বিভিন্ন সময়ে ক্ষুদে বার্তায় পরিবারের কাছে জীবন বাঁচানোর আকুতি জানায় তারা।

এ ঘটনায় অভিযুক্ত ইউনুস ও মাহিনকে জামায়াতের উপজেলা ও পৌর যুব বিভাগের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

ইউনুস আলী বলেন, তারা বৈধ কাগজপত্র নিয়ে গেছে। সেখানে গিয়ে প্রতারণার শিকার হয়েছে। এজেন্সির সঙ্গে উচ্চপর্যায়ে যোগাযোগ করা হয়েছে। দুই দেশের দূতাবাসেও যোগাযোগ করা হয়েছে। সবাইকে নিরাপদ স্থানে আনার চেষ্টা চলছে।

পাটগ্রাম উপজেলা জামায়াতের আমির হাফেজ শোয়াইব আহমেদ বলেন, এ ঘটনায় জামায়াতে ইসলামীর কোনো দায় নেই। এটি ব্যক্তিগত বিষয়। সংগঠন ঘটনা জানার পর তাদের দুজনকে অব্যাহতি দিয়েছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, রাশিয়ার সেনাবাহিনীর কাছে ৪ যুবককে বিক্রির অভিযোগে থানায় ৪ টি মানবপাচার মামলা করা হয়। আসামিদের আটক করতে পুলিশ কাজ করছেন ।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন