আর্জেন্টিনার সমর্থনে ওসমানী মেডিকেল শিক্ষার্থীদের শোভাযাত্রা

সিলেট ব্যুরো

আর্জেন্টিনার সমর্থনে ওসমানী মেডিকেল শিক্ষার্থীদের শোভাযাত্রা

ফুটবল বিশ্বকাপকে ঘিরে উন্মাদনায় মেতে উঠেছেন সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা। এরই ধারাবাহিকতায় আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রতি সমর্থন জানিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের একদল শিক্ষার্থী বর্ণাঢ্য মিছিল ও আনন্দ শোভাযাত্রা বের করেছেন।

শনিবার বিকেলে কলেজ ক্যাম্পাস থেকে আর্জেন্টিনার পতাকা হাতে মিছিলটি বের হয়। মিছিলটি মেডিকেল সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা, বাশি বাজিয়ে উল্লাস করে, আর্জেন্টিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং নিজেদের প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীদের অনেকেই আর্জেন্টিনা দলের জার্সি পরে উপস্থিত হন। কেউ কেউ দলের অধিনায়ক লিউনেল মেসি-এর জার্সি গায়ে জড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। আকাশি-সাদা রঙের পতাকা, ব্যানার ও ফেস্টুনে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

মিছিল শেষে শিক্ষার্থীরা আর্জেন্টিনার পতাকার রঙ ছড়িয়ে আনন্দ-উৎসবে মেতে ওঠেন। দেশটির জাতীয় পতাকার রঙে রাঙানো পরিবেশে তারা ছবি তোলেন, গান গেয়ে এবং উল্লাস করে নিজেদের সমর্থনের বহিঃপ্রকাশ ঘটান। এ সময় উপস্থিত শিক্ষার্থীরা বলেন, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি আবেগ ও ভালোবাসার নাম। আর্জেন্টিনা দলের নান্দনিক খেলা এবং দীর্ঘদিনের সাফল্য তাদের এই দলের প্রতি আকৃষ্ট করেছে।

শিক্ষার্থীরা আরও জানান, বিশ্বকাপের প্রতিটি ম্যাচ তারা একসঙ্গে উপভোগ করার পরিকল্পনা করেছেন। প্রিয় দলের জয় কামনা করে তারা বলেন, এবারের আসরেও আর্জেন্টিনা দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেবে বলে তাদের বিশ্বাস।

মিছিল ও আনন্দ-আয়োজনে কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশ নেন। ভবিষ্যৎ চিকিৎসকদের এমন প্রাণবন্ত আয়োজন ক্যাম্পাসে উৎসবের আমেজ সৃষ্টি করে এবং ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে উদ্দীপনা ছড়িয়ে দেয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন