জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “যতদিন না জনগণ ভালোবাসা দেবে, আমরা জনগণকে ভালোবেসেই যাব।” তিনি বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এনসিপির নেতাকর্মীরা ঘরে ঘরে এবং প্রতিটি ইউনিয়নে গিয়ে মানুষের সমস্যা শুনবেন এবং সেগুলোর সমাধানে কাজ করবেন।
মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এনসিপির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পদযাত্রা-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণকে দখলদারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপির উদ্দেশে তিনি বলেন, দলটির অতীতের জনপ্রিয়তা ও সাংগঠনিক শৃঙ্খলা থেকে শিক্ষা নিয়ে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।
সরকারি সেবার মান নিয়েও সমালোচনা করে তিনি বলেন, আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত হচ্ছে না। পাশাপাশি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। তিনি দাবি করেন, আজমিরীগঞ্জ এখনো কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। ভবিষ্যতে জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারলে এসব সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, তাদের কর্মসূচি যেখানে অনুষ্ঠিত হচ্ছে, সেখানে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটছে এবং আজমিরীগঞ্জেও একই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।
তিনি আওয়ামী লীগের রাজনীতির সমালোচনা করে বলেন, জনগণের সঙ্গে প্রতারণার রাজনীতির পরিণতি কখনোই শুভ হয় না। একই সঙ্গে বিএনপির প্রতিও সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, একই ধরনের রাজনীতি অনুসরণ করলে তার পরিণতিও ভালো হবে না। তিনি দলীয় নেতাকর্মীদের জনগণের প্রতি দায়বদ্ধ থেকে রাজনীতি করার আহ্বান জানান।
সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নেতা নাহিদ উদ্দিন তারেকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ১১টায় আজমিরীগঞ্জ উপজেলা সদরে একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে শত শত নেতাকর্মী অংশ নেন। পদযাত্রা শেষে দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় নেতাদের আগমনকে ঘিরে উপজেলাজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সমাবেশে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, তরুণদের রাজনৈতিক অংশগ্রহণ এবং এনসিপির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত নেতারা আজমিরীগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক কামাল আহমেদকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে সমর্থনের আহ্বান জানান এবং উপস্থিত জনতার কাছে তার পক্ষে ভোট প্রার্থনা করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

