হবিগঞ্জে আজমিরীগঞ্জে এসআই রাসেল মিয়াকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে মোবাইল ফোনের ক্ষতিপূরণ হিসেবে ওই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা পরিশোধ করা হয়েছে।
এ তথ্য জানিয়েছেন আজমিরীগঞ্জ থানার ওসি আকবর হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় আজমিরীগঞ্জ মধ্যবাজারে থানাসংলগ্ন রাজিব মিয়ার ফলের দোকানে এ ঘটনা ঘটে। ফল কিনতে গিয়ে এসআই রাসেলের বিরুদ্ধে দোকান থেকে একটি মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। পরে দোকানের সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।
স্থানীয়ভাবে পাওয়া প্রায় ১ মিনিট ২৫ সেকেন্ডের সিসিটিভি ফুটেজে দেখা যায়, এসআই রাসেল ফল কিনতে দোকানে যান। ফল কেনার পর তিনি দোকানি রাজিব মিয়াকে টাকা পরিশোধ করেন। এরপর বাম হাতে নিজের মোবাইল ফোন নেওয়ার পাশাপাশি টেবিলের ওপর রাখা আরেকটি মোবাইল ফোন ডান হাতে তুলে পকেটে রাখেন। পরে তিনি দোকান থেকে বেরিয়ে যান।
ফুটেজটি স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ছড়িয়ে পড়লে বাজারে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে বিভিন্ন মন্তব্য ও প্রতিক্রিয়া দেখা যায়।
আজমিরীগঞ্জ থানার ওসি আকবর হোসেন বলেন, তিনি ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেছেন। তবে এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যবসায়ীর পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি।
তিনি জানান, মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় এসআই রাসেল মিয়া ১৫ হাজার টাকা পরিশোধ করেছেন। বিষয়টি পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্নকারী হিসেবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়। এর পরিপ্রেক্ষিতে সোমবার এসআই রাসেল মিয়াকে হবিগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত রয়েছে এবং প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী এসআই রাসেল মিয়াকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তবে কোনো লিখিত অভিযোগ না থাকায় এ ঘটনায় আনুষ্ঠানিক তদন্ত বা পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

