নাসির উদ্দিন পাটোয়ারীকে প্রধান আসামি করে

হবিগঞ্জে এনসিপির ১০ নেতাকর্মীর নামে ছাত্রদলের মামলা

হবিগঞ্জে এনসিপির ১০ নেতাকর্মীর নামে ছাত্রদলের মামলা
ছবি: আমার দেশ

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জেলা ছাত্রদলের মধ্যে  মঙ্গলবারের হামলার ঘটনাকে কেন্দ্র করে এনসিপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের ১০ নেতার নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করে অভিযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন রুকন বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেন।

বিজ্ঞাপন

হবিগঞ্জ সদর থানার ওসি জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাছির উদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, হবিগঞ্জ জেলা জাতীয় শক্তির আহ্বায়ক নুর আলম চৌধুরী, ফকরুদ্দিন, আব্দুল হাই কামাল, রুহাম গাজী, সদস্য সচিব মাহবুবুল বারী চৌধুরী, নাহিদ উদ্দিন তারেক, আবু হেনা মোস্তফা কামাল ও ওদুদ মাহমুদ চৌধুরী। তবে এনসিপির করা মামলাটি বৃহস্পতিবার রুজু হলেও ছাত্রদলের অভিযোগ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। 

এর আগে এনসিপির জেলা যুবশক্তির আহ্বায়ক তন্ময় তানভীর রুয়েল বাদী হয়ে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

মামলায় বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রিয়াজ, জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক (প্রথম) আসিফুল ইসলাম ইমন, ছাত্রদল নেতা মোজাক্কির হোসেন ইমন, আল সাইমুন, মাহফুজ চৌধুরী, ইশতিয়াক রহমান, শেখ সাব্বির, নাজমুল হোসেন অনিক, রক্সি ইসলাম, এমএইচ শিমুলের নাম উল্লেখ করা হয়।

মামলায় অভিযোগ করা হয়, হামলার সময় প্রায় ২০ লাখ টাকার যন্ত্রপাতি ও নগদ ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে।

২৮ জুলাই মঙ্গলবার হবিগঞ্জে কর্মসূচি শেষে ফেরার পথে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের হামলায় এনসিপির কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করে দলটি। হামলার সময় কয়েকটি সংবাদমাধ্যমের গাড়িও ভাঙচুর করা হয়।

ওই ঘটনায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাছির উদ্দিন পাটোয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম নিরাপত্তার জন্য শহরের একটি ব্যাংকে আশ্রয় নিলে পরে পুলিশ তাদের উদ্ধার করে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন