হবিগঞ্জ সদর উপজেলার দুর্লভপুরে ৪ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টা করা হয়েছে। অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত যুবক বিজয় মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে শহরতলীর দুর্লভপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নির্যাতনের শিকার ওই শিশুর পিতা একজন প্রবাসী।
সন্ধ্যায় শিশুটি বাড়ির আশপাশে খেলাধুলা করছিল। এ সময় বিজয় তাকে কৌশলে ধর্ষণের চেষ্টা চালায়। পরে শিশুটিকে দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। শিশুটি অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তবে অভিযোগ উঠেছে, একটি প্রভাবশালী পক্ষ বিষয়টি মীমাংসা করে চাপা দেওয়ার চেষ্টা চালায়। এ বিষয়ে শিশুটির পরিবারকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হয়েছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ হাসপাতালে গিয়ে জবানবন্দি নিয়েছে।
শিশুর মা বাদী হয়ে সদর থানায় মামলা করেছেন। অভিযুক্ত বিজয়কে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের আরএমও ডা. ফাইকা রহমান বলেন, শিশুটি হাসপাতালে ভর্তি আছে। শনিবার তার পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

