দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন-বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের ২০ জন নেতাকর্মীকে দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা বিএনপি।
রোববার (২ ফেব্রুয়ারি) শ্রীমঙ্গল উপজেলা বিএনপির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বহিষ্কৃত নেতাকর্মীদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেছে। সাংগঠনিক স্বার্থ বিবেচনায় নিয়ে তাঁদের বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন—
১নং মির্জাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল, সদস্য মো. ফজলুল হক মোল্লা ও মোহাম্মদ বকুল মিয়া;
৪নং সিন্দুরখান ইউনিয়ন বিএনপির সদস্য সাখাওয়াত হোসেন মাস্টার ও তানভীর হেলাল;
৮নং কালীঘাট ইউনিয়ন বিএনপির সদস্য ভুট্টু খান, ইদ্রিস মেম্বার ও উজ্জ্বল গোয়ালা;
৬নং আশিদ্রোণ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক লিটন মিয়া এবং সদস্য মো. হাবিব ও ডা. সুহেল;
২নং ভূনবীর ইউনিয়ন বিএনপির সদস্য শাশী আহমেদ ও আবুল কালাম;
৩নং শ্রীমঙ্গল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল তরফদারসহ সদস্য লিটন মিয়া, শাহজান মেম্বার, আব্দুর রহমান পাঠান ও কাজী জাহাঙ্গীর;
এ ছাড়া ৫নং কালাপুর ইউনিয়ন বিএনপির সদস্য আ. শহীদ ও ফিরুজ মেম্বার।
শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নুরুল আলম সিদ্দিকী ও যুগ্ম আহ্বায়ক মো. হাফিজুর রহমান চৌধুরী (তুহিন) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলের শৃঙ্খলা বজায় রাখা এবং সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করতে ভবিষ্যতেও শৃঙ্খলা-বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

