বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিল ছেলে

উপজেলা প্রতিনিধি, ধর্মপাশা (সুনামগঞ্জ)

বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিল ছেলে
বামে বাবা ডানে ছেলে। ছবি: আমার দেশ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বাবার লাশ বাড়িতে রেখেই এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে সাইফ হোসেন জয় (১৬) নামের এক পরীক্ষার্থী। সোমবার সকাল ১০টায় সে বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভূগোল ও পরিবেশ বিষয়ের পরীক্ষায় অংশ নেয়।

সাইফ হোসেন উপজেলার বাদশাগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী। সে সেলবরষ ইউনিয়নের মাটিকাটা গ্রামের বাসিন্দা আবদুল বাসেত বকুলের ছেলে।

বিজ্ঞাপন

স্বজনেরা জানান, আবদুল বাসেত বকুল (৫৪) স্থানীয় মাটিকাটা পুরাতন জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। কৃষিকাজের পাশাপাশি তিনি পাসপোর্টের এজেন্ট হিসেবে কাজ করতেন।

গত বৃহস্পতিবার সকালে বুকে ব্যথা অনুভব করলে তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত সাড়ে ৯টার দিকে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

সোমবার ভোররাত ৫টার দিকে লাশ বাড়িতে পৌঁছালে স্বজন ও স্থানীয়দের ভিড় জমে। এমন শোকাবহ পরিবেশে পরিবারের সদস্যরা সাইফকে বুঝিয়ে পরীক্ষাকেন্দ্রে পাঠান।

কেন্দ্রসচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, পরীক্ষাকক্ষে বসে সাইফ অধিকাংশ সময় কান্না করে করেই পরীক্ষা দিয়েছে। তাকে সাহস জোগানোর চেষ্টা করা হয়েছে।

পরীক্ষা শেষে সাইফ হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলে, ‘পরীক্ষার হলে বারবার আমার আব্বার চেহারাটা চোখের সামনে ভেসে উঠছিল, তাই পরীক্ষায় মনোযোগ দিতে পারিনি।

আবদুল বাসেতের চাচাতো ভাই মোহাম্মদ আলী জানান, সোমবার দুপুর ২টা ২০ মিনিটে মাটিকাটা পুরাতন জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাকে মসজিদসংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন