সিলেটে ১১ দলীয় ঐক্য সমাবেশের লিফলেট বিতরণ

জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে হবে

জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে হবে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান ও গণভোটের রায়ের মূল উদ্দেশ্য ছিল রাষ্ট্রব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার। কিন্তু বর্তমান সরকার সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের পরিবর্তে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন স্তরে দলীয়করণের মাধ্যমে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার পথে এগোচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

বিজ্ঞাপন

বুধবার বিকেলে সিলেট নগরীর সুবিদবাজার এলাকায় বিমানবন্দর থানা জামায়াতের উদ্যোগে আগামী ২৫ জুলাই সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে আয়োজিত লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ছিল রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করা। কিন্তু সরকার সেই লক্ষ্য থেকে সরে গিয়ে দলীয় প্রভাব বিস্তারের চেষ্টা করছে। জনগণ কোনো ধরনের ফ্যাসিবাদী বা একদলীয় শাসনব্যবস্থা মেনে নেবে না।”

তিনি আরও বলেন, “সরকারকে মনে রাখতে হবে, ছাত্র-জনতা এখনো রাজপথে রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম দ্রুত শুরু করতে হবে। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার কমিটি গঠন করে কার্যকর ভূমিকা পালন নিশ্চিত করতে হবে।”

তিনি আগামী ২৫ জুলাই বেলা ২টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে ১১ দলীয় ঐক্য ঘোষিত বিভাগীয় সমাবেশে সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানান।

লিফলেট বিতরণ কর্মসূচিতে বিমানবন্দর থানা জামায়াতের আমির শফিকুল আলম মফিক, সহকারী সেক্রেটারি রেজাউল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেন, ৫ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুস সালাম, জামায়াত নেতা সৈয়দ মাজহারুল ইসলাম রিপন, ফরিদ আহমদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশ সফল করতে নেতাকর্মীরা নগরীর বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন এবং সাধারণ মানুষকে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন