ইসরাইলের মানচিত্রে গাজা ও পশ্চিম তীর

ইসরাইলের মানচিত্রে গাজা ও পশ্চিম তীর
ছবি: আল-জাজিরা

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) প্রকাশিত মধ্যপ্রাচ্যের একটি মানচিত্রে ফিলিস্তিনের গাজা উপত্যকা ও দখল করা পশ্চিম তীরকে ইসরাইলের অংশ হিসেবে দেখানো হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা অভিযোগ করেছেন।

সেন্টকমের কমান্ডার ব্র্যাড কুপারের ১০ দিনের মধ্যপ্রাচ্য সফর নিয়ে প্রকাশিত একটি বিবৃতির সঙ্গে ওই মানচিত্র দেওয়া হয়েছিল। অনলাইনে ছড়িয়ে পড়া স্ক্রিনশটে দেখা যায়, মানচিত্রে ইসরাইলের সীমানার মধ্যে গাজা ও দখল করা পশ্চিম তীরও দেখানো হয়েছে।

বিজ্ঞাপন

বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের নজরে আসে। তাদের একজন লেখেন, ‘পশ্চিম তীর ও গাজাকে ইসরাইলের অংশ হিসেবে দেখানোর সাহস আপনারা কীভাবে পেলেন? এটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে।’

রাশিয়ার সংবাদমাধ্যম স্পুটনিকও বিষয়টি নিয়ে মন্তব্য করেছে। তারা বলেছে, সেন্টকম ‘আবারও ভূগোলে ভুল করেছে বলে মনে হচ্ছে’। তাদের ভাষ্য অনুযায়ী, সেন্টকম এমন একটি মধ্যপ্রাচ্যের মানচিত্র প্রকাশ করেছে, যেখানে গাজা উপত্যকা ও পশ্চিম তীরকে ইসরাইলের ভূখণ্ড হিসেবে দেখানো হয়েছে।

মানচিত্রে পরিবর্তন

পরে সেন্টকম মানচিত্রটি সংশোধন করেছে বলে মনে হচ্ছে। আল-জাজিরা যখন ওই বিবৃতিটি দেখেছে, তখন মানচিত্রে দখল করা পশ্চিম তীরকে ইসরাইল থেকে আলাদা করে দেখানো হয়েছে। তবে গাজাকে আলাদা ভূখণ্ড হিসেবে চিহ্নিত করা হয়নি।

ফিলিস্তিন বর্তমানে জাতিসংঘের ১৯৩টি সদস্যরাষ্ট্রের মধ্যে ১৫৭টির কাছ থেকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন