বনানীর কড়াইল বস্তিতে অভিযানে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ২

বনানীর কড়াইল বস্তিতে অভিযানে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ২

রাজধানীর বনানী থানাধীন কড়াইল বস্তির জামাই বাজার মাটির রাস্তা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা, হেরোইন ও মাদক বিক্রির নগদ টাকাসহ দুজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বিজ্ঞাপন

এ সময় তাদের কাছ থেকে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ পুরিয়া হেরোইন (পরিমাণ ১০ গ্রাম) এবং মাদক বিক্রির নগদ ৪৩ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৩ নভেম্বর) এই অভিযান পরিচালিত হয়। অধিদপ্তরের উপপরিচালক মো. রাজিউর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে কুখ্যাত মাদক কারবারি মো. রাকিব হোসেনের (২৫) ভাড়া নেওয়া তিন কক্ষবিশিষ্ট একটি বসতঘরে তল্লাশি চালানো হয়।

অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন— মো. সজিব হোসেন (৩২) ও মো. তানভীর (৩০)। তবে অভিযানের সময় মূল অভিযুক্ত বসতঘরের ভাড়াটে মো. রাকিব হোসেন পালিয়ে যান।

অধিদপ্তর জানায়, পলাতক রাকিব হোসেনের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানায় দুটি মাদক মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে। তিনি কড়াইল বস্তি এলাকার বিভিন্ন স্পট নিয়ন্ত্রণ করে দীর্ঘদিন ধরে গাঁজা, ইয়াবা ও হেরোইন বিক্রি করে আসছিলেন।

এ ঘটনায় গ্রেপ্তার দুজন এবং পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বনানী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন