রাজধানীর মৌচাকে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে সোমবার দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই দিন দুপুরে ভবনের বেজমেন্টে পার্কিংয়ে রাখা সাদা রঙের একটি টয়োটা ফিল্ডার গাড়িতে লাশ দুটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন হাসপাতালের প্রধান নিরাপত্তা কর্মকর্তা মিজানুর রহমান।
মঙ্গলবার নিহতদের নাম পরিচয় জানা গেছে। তারা হলেন— নোয়াখালীর চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৃত আবদুল হাকিমের ছেলে মোহাম্মদ মিজান ও একই উপজেলার খিলপাড়া ইউনিয়নের লটকরিয়া গ্রামের খামারবাড়ির আবু তাহেরের ছেলে জাকির হোসেন। এর মধ্যে জাকির হোসেন প্রাইভেট কারটির চালক।
গাড়ির মালিক জোবায়ের আল মাহমুদ জানান, শনিবার রাতে তিনি স্ত্রী’র বড় ভাইকে বিমানবন্দরে পৌঁছে দিতে ঢাকায় আসেন। গাড়িতে তখন জাকির ও তার বন্ধু মিজানও ছিলেন। মিজান চিকিৎসাধীন এক শিশুকে আনতে হাসপাতালে যাচ্ছিলেন। রোববার ভোরে মালিবাগে নোয়াখালীগামী বাসে ওঠার আগে জাকির জানান, বেলা ১১টার দিকে রোগী ছাড়পত্র পাবে, ততক্ষণ তারা গাড়িতে ঘুমাবেন।
পরে সারাদিন ফোনে যোগাযোগ না পেয়ে জোবায়ের জিপিএসে গাড়িটিকে হাসপাতালের পার্কিংয়েই দেখতে পান। সোমবার বিকেলে রমনা থানা থেকে খবর পান, গাড়িতে দুজনের লাশ পাওয়া গেছে। লাশ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে এবং আজ পরিবারের কাছে হস্তান্তরের কথা রয়েছে।
মিজানের প্রতিবেশীরা জানান, তিনি অবিবাহিত ছিলেন এবং ড্রেজার চালানো ও মাছ চাষ করে জীবিকা নির্বাহ করতেন।
সোমবার ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছেন। লাশ ইতোমধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণেরও কাজ চলছে। তদন্ত শেষে বিষয়টি হত্যাকাণ্ড নাকি অন্যকিছু সে বিষয়টি পরিষ্কার হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


