জুলাই গণঅভ্যুত্থানে আহতদের ক্যাটাগরির বৈষম্য সংশোধন ও শহীদ পরিবারের অধিকার আদায়ের লক্ষ্যে অবস্থান কর্মসূচি পালন করছে আহত ও শহীদ পরিবারের সদস্যরা।
সোমবার দুপুর ১২টায় শাহবাগ মোড়ে এই অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তারা শাহবাগ থেকে বাংলামোটরের দিকে যাওয়ার অংশটিকে অবরোধ করে রাখেন। এতে ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
অবস্থান কর্মসূচিতে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সুরক্ষা আইন, হটলাইন সেবা চালুসহ ক্যাটাগরি পুনর্বিবেচনার দাবি করেন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা।
রফিকুল ইসলাম নামের একজন আহত বলেন, আমরা আমাদের কিছু যৌক্তিক দাবি নিয়ে এসেছি। আমরা চাই সরকার আমাদের দাবিগুলো দ্রুত মেনে নিক। আমাদের দাবি হলো আমাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। পাশাপাশি অভ্যুত্থানে অক্ষম আহতদের মাসিক ২০ হাজার ও সক্ষম আহতদের ১৫ হাজার টাকা করার দাবিতে দাঁড়িয়েছি।
এ সময় তারা তিন দফা দাবি পেশ করেন। তাদের দাবিগুলো হলো-
১. ক্যাটাগরি-'এ'-তে কর্মে অক্ষমদের জন্য মাসিক ভাতা ২০ হাজার টাকা করা, পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন করে এককালীন ভাতা বৃদ্ধি করা, পরিবারে দায়িত্বশীল ব্যক্তিকে আধা-সরকারি পর্যায়ে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করা।
২. ক্যাটাগরি-'বি'-তে কর্মে সক্ষমদের জন্য মাসিক ভাতা ১৫ হাজার টাকা করা, এককালীন ভাতা বৃদ্ধি করা ও প্রশিক্ষণ ও সরকারি বা অধা-সরকারি কর্মসংস্থানের ব্যবস্থা করা।
৩. আহত ও শহীদ পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ সুরক্ষা আইন প্রণয়ন করা, যেখানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের বিরুদ্ধে কোনো হুমকি, হয়রানি বা হত্যাচেষ্টা হলে সর্বোচ্চ শাস্তির বিধান থাকা।
৩. আহত ও শহীদ পরিবারের সুচিকিৎসা, মানসিক কাউন্সেলিং, হয়রানি প্রতিরোধ এবং সমস্যা সমাধানে ২৪/৭ টোল-ফ্রি হটলাইন চালু করা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

