ঢাকার মোহাম্মদপুর এলাকার আলোচিত সন্ত্রাসী ‘কব্জি কাটা গ্রুপ’-এর প্রধান মো. আনোয়ার ওরফে শুটার আনোয়ার ওরফে কব্জি কাটা আনোয়ারকে (৩৬) গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার দুপুরে কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খালিদুল হক হাওলাদার।
তিনি বলেন, আনোয়ার স্বীকার করেছে সে তিনজনের কব্জি কেটেছে। কিন্তু র্যাবের তদন্তে আনোয়ার সাতজনের কব্জি কেটেছে। ২০০৫ সালে বাগেরহাট থেকে ঢাকায় তার বাবার কাছে চলে আসে। ঢাকায় এসে বিশুদ্ধ খাবার পানি পরিবহন করত।
প্রথমে আনোয়ার অপরাধ জগতে ছিনতাই ও বাসস্ট্যান্ডে চাঁদাবাজি শুরু করে। এরপর ২০২৪ সালে মানুষের কব্জি কেটে ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে নিজেকে কব্জি কাটা গ্রুপের প্রধান হিসেবে প্রতিষ্ঠা করে। কব্জি কাটা ভিডিওটি টিকটক ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
কব্জি কাটা ভিডিও টিকটকে ছড়িয়ে পড়লে আনোয়ার ও তার সহযোগীদের কুখ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে এলে ধারাবাহিক অভিযানের মুখে বাহিনীর অন্যতম সদস্য ভাগনে বিল্লালসহ অনেকে গ্রেপ্তার হলে আনোয়ার নিজের পূর্বের লেবাস পরিবর্তন করে আত্মগোপনে চলে যায়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

