আইবিএ অ্যালামনাই ক্লাবে প্যানেল ডিস্কাশন

বোঝা না টেনে আন্তর্জাতিক মানদণ্ডে ব্যাংকের সংখ্যা কমাতে হবে

বোঝা না টেনে আন্তর্জাতিক মানদণ্ডে ব্যাংকের সংখ্যা কমাতে হবে

বাংলাদেশে এত বেশি খেলাপি ঋণের জন্য বৈশ্বিক পরিস্থিতি দায়ী নয়, বরং অভ্যন্তরীণ কাঠামোগত দুর্বলতাই প্রধান কারণ। ব্যাংকিং খাতে বছরের পর বছর ধরে ধারাবাহিক সুশাসনের পতন ঘটেছে। আমাদের ছোট দেশে ৬০টি ব্যাংকের প্রয়োজন নেই। পাঁচটি বা সাত-আটটি ব্যাংকই যথেষ্ট। সেজন্য কঠোর রেগুলেটরি ফ্রেমওয়ার্ক বজায় রাখতে হবে। এখন গুড গভরন্যান্সই চাওয়া। এর মাধ্যমেই সব সমস্যার সমাধান বের হয়ে আসবে। আন্তর্জাতিক মানদণ্ড ফলো করে বাংলাদেশেও শ্রীলঙ্কা, পাকিস্তান, মালয়েশিয়া ও ফিলিপাইনের মতো ব্যাংকের সংখ্যা কমিয়ে আনতে হবে। এই সংকট কাটিয়ে উঠতে কয়েক প্রজন্মকে সংগ্রাম করতে হবে। সমাজে প্রভাব পড়তে পারে, কিন্তু দীর্ঘ সময় বোঝা টেনে নেওয়ার দরকার নেই।

বিজ্ঞাপন

শুক্রবার রাজধানীর পূর্বাচলে অবস্থিত আইবিএ অ্যালামনাই ক্লাব লিমিটেডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত প্যানেল ডিসকাশনে দেশের ব্যাংকিং, ফিনটেক ও করপোরেট খাতের শীর্ষস্থানীয় কর্মকর্তারা এসব কথা বলেন।

ফিনএক্স কানেক্টে উপস্থিত ছিলেন আইবিএ অ্যালামনাই ক্লাবের চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমান, ডিরেক্টর মোহাম্মাদ শাকিল ওয়াহেদ, মো. রাহাত খান, মো. আমানুর রহমান, ইমতিয়াজ আহমেদ শামস, মালিক মো. সাঈদ, এ এস এম রফিক উল্লাহ, নাফিস রায়হান, এটিএম শামিম উজ্ জামান, ইরিন আখতার, আবু ইসা মো. মাইনুদ্দিন প্রমুখ।

নেভিগেটিং মার্কেট ক্রসরোডস অ্যান্ড ড্রাইভিং গ্রোথ শীর্ষক প্যানেল ডিসকাশন সঞ্চালনা করেন গ্লোবাল বাংলাদেশি চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট কাজী এম আহমেদ। আলচনা করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) অধ্যাপক শাহ মো. আহসান হাবিব, ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান মেলিতা মেহজাবিন, ব্যাংকিং কন্সালট্যান্ট ও ব্র্যাক ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসাইন এবং রহমান রহমান হকের সিনিয়র পার্টনার আদিব হোসাইন খান এফসিএ।

news-image - 2026-11-21T005615.154

‘ফাইন্যান্স রিওয়্যার্ড: দ্য ফিউচার অব ফাইন্যান্সিয়াল সার্ভিসেস’ শীর্ষক প্যানেল ডিস্কাশন সঞ্চালনা করেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চিফ কমিউনিকেশন অফিসার জিশান কিংশুক হক। আলোচনা করেন মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা, বিকাশের চিফ মার্কেটিং অফিসার মীর নওবুত আলী, ইউনিলিভার বাংলাদেশের ফাইন্যান্স ডিরেক্টর জিনিয়া তানজিনা হক এবং সিটি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অরূপ হায়দার।

‘নেভিগেটিং মার্কেট ক্রসরোডস অ্যান্ড ড্রাইভিং গ্রোথ’ শীর্ষক প্যানেল ডিস্কাশনে সঞ্চালনা করেন গ্লোবাল বাংলাদেশি চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট কাজী এম আহমেদ । তিনি বলেন, একদিকে কঠোর রেগুলেটরি ফ্রেমওয়ার্ক বজায় রাখা এবং অন্যদিকে অর্থনীতিকে গতিশীল রাখতে বেসরকারি ইনভেস্টমেন্ট ও ব্যবসার সুযোগ সৃষ্টির মধ্যে ভারসাম্য আনাই এখন মূল চ্যালেঞ্জ।

অধ্যাপক শাহ মো. আহসান হাবিব বলেন, দেশের উচ্চ মূল্যস্ফীতির পেছনে কেবল বৈশ্বিক পরিস্থিতি দায়ী নয়, বরং অভ্যন্তরীণ কাঠামোগত দুর্বলতাই প্রধান কারণ। এর ফলে রপ্তানি হ্রাস ও আমদানি বৃদ্ধির মতো দ্বিমুখী চাপ তৈরি হচ্ছে। গত ৫-৬ বছরের ডাটা নির্দেশ করে যে কেবল সংকোচনমূলক মুদ্রানীতি কাজ করেনি। এই মুহূর্তে নিম্নআয়ের মানুষের কাছে সরাসরি অর্থ পৌঁছানো অত্যন্ত জরুরি, যেন তারা টিকে থাকতে পারে। বেসরকারি বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস ও নিরাপত্তার জন্য আইনের শাসন প্রতিষ্ঠা জরুরি। আন্তর্জাতিক প্রেক্ষাপটে ব্যাংকিং খাতে ৩২-৩৩% খেলাপি ঋণ প্রদর্শন করা অস্বাভাবিক ও অবাস্তব। রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা না গেলে বাণিজ্যিক ব্যাংকের কোনো একক বা যৌথ উদ্যোগই কার্যকর হবে না।

তিনি আরো বলেন, ব্যাংকের শেয়ারহোল্ডাররা মূলধনের সামান্য অংশের মালিক, আমানতের নন। কমপ্লায়েন্সের লক্ষ্য কেবল কেন্দ্রীয় ব্যাংককে সন্তুষ্ট করা নয়, জনস্বার্থ রক্ষা; ঝুঁকি ব্যবস্থাপনার দায়িত্ব ফ্রন্টলাইনেরও।

news-image - 2026-11-21T005609.023

মেলিতা মেহজাবিন বলেন, স্বাধীন অডিট এবং অডিট কমিটি থাকা সত্ত্বেও ব্যাংকিং খাতে বছরের পর বছর ধরে ধারাবাহিক সুশাসনের পতন ঘটেছে। ‘মাছের প্রথমে মাথায় পচন ধরে’ প্রচলিত প্রবাদের মতো, যে-কোনো প্রতিষ্ঠানের পচন বা অবক্ষয় উচ্চপর্যায় থেকেই শুরু হয়। অডিট প্রক্রিয়ায় সঠিক নজরদারি বন্ধ হয়ে যাওয়ার কারণে পুরো ব্যবস্থা ব্যর্থ হয়েছে। ব্যাংক খাতের এই পরিস্থিতির জন্য পর্ষদগুলোও সরাসরি দায়ী। কেউ ঠিক প্রশ্নটি করেনি। প্রশ্নের সঠিক উত্তর পাওয়ার চেষ্টা করেনি। যেকারণে প্রতি তিন টাকা ঋণের এক টাকা ফেরত আসেনি। এখন গুড গভরন্যান্সই চাওয়া। এর মাধ্যমেই সব সমস্যার সমাধান বের হয়ে আসবে। সেজন্য একাডেমিয়ায় ও রিসার্চে ইনভেস্ট জরুরি।

সেলিম আর এফ হোসাইন বলেন, বাংলাদেশ ব্যাংক ও সরকারকে ব্যাংক পুনর্গঠন, দেউলিয়া আইন এবং ব্যাংকিং রেজোলিউশন অ্যাক্ট প্রণয়নের জন্য একটি স্পষ্ট ও নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে। আন্তর্জাতিক অ্যাকাউন্টিং ও প্রভিশনিং মানদণ্ড কঠোরভাবে প্রয়োগ করতে হবে। আমাদের ছোট দেশে ৬০টি ব্যাংকের প্রয়োজন নেই। পাঁচটি বা সাত-আটটিই যথেষ্ঠ। শ্রীলঙ্কা, পাকিস্তান ও ফিলিপাইনে ব্যাংক কমানো হয়েছে। আন্তর্জাতিক মানদন্ড ফলো করে বাংলাদেশেও এটা হতে হবে। এই সংকট কাটিয়ে উঠতে কয়েক প্রজন্মকে সংগ্রাম করতে হবে। সমাজে প্রভাব পড়তে পারে, তাই দীর্ঘ সময় বোঝা টেনে নেওয়ার দরকার নেই।

মীর নওবুত আলী বলেন, গুলশানের কর্পোরেট অফিসে বসে সার্ভিস ডিজাইন করার চেয়ে গাইবান্ধার মতো প্রান্তিক অঞ্চলে গিয়ে গ্রাহকের বাস্তব চাহিদা ও সমস্যা বোঝা অনেক বেশি জরুরি। গ্রাহকের সুবিধার জন্য কোম্পানির নীতি ক্রমাগত সহজ করা হচ্ছে। অভিজ্ঞতা বলছে, প্রান্তিক ও স্বল্পআয়ের মানুষ সময়মতোই ঋণ পরিশোধ করেন।

অরূপ হায়দার বলেন, অপারেশনাল জটিলতার কারণে অতীতে ব্যাংকগুলো মূলত কর্পোরেট ব্যাংকিংয়ে সীমাবদ্ধ ছিল। প্রযুক্তি ও ফিনটেকের আগমনে এখন রিটেল গ্রাহকের কাস্টমার জার্নি অনেক সহজ হয়েছে। দেশে ৮ কোটি আমানতকারীর বিপরীতে ঋণ পান মাত্র ১.৫ লক্ষ গ্রাহক। তাই ঋণের গণতন্ত্রায়ণ নিশ্চিত করতে ইউটিলিটি বিল পরিশোধের মতো ডাটা বিশ্লেষণ করে কম পরিচালন ব্যয়ে ছোট অঙ্কের ঋণ দেওয়া হচ্ছে।

প্যানেল ডিস্কাশনে বক্তারা বলেন, বিগত ৫০ বছর ধরে অধিকাংশ ব্যাংক (৮০-৯০%) কেবল গুটিকয়েক বড় করপোরেট লোনের ওপর নির্ভর করে ব্যবসা করেছে, যা দীর্ঘমেয়াদে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বড় একটি ২০০ কোটি টাকার লোন খেলাপি হলে পুরো ব্যাংক সংকটে পড়ে, কিন্তু ২০০টি ১ কোটি টাকার লোন একসাথে খেলাপি হওয়া কঠিন। তাই বড় লোন দেওয়ার চেয়ে ছোট লোনে যাওয়া ভালো। কম উপার্জন যারা করেন, তারা ঋণ পরিশোধ করেন। আলোচনায় উঠে আসে, ব্যাংকগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিতে বড় বিনিয়োগ করছে। ফলে এলসি খোলার প্রক্রিয়া ৭ দিন থেকে কমিয়ে মাত্র এক দিনে সম্পন্ন করা সম্ভব হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...