রাজধানীর হাতিরঝিল থানা এলাকা থেকে চারটি তাজা ককটেলসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—জাহিদুল ইসলাম অনিক (২১) ও শিহাব হোসেন আমি (১৯)।
রমনা মডেল থানা সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) রাত আনুমানিক ৮টার দিকে রমনা মডেল থানাধীন রমনা শপিং কমপ্লেক্সের বিপরীত পাশে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। ওই ঘটনার পর রমনা মডেল থানায় বিস্ফোরক আইনে একটি মামলা রুজু করা হয়।
পরবর্তীতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোপন তথ্যের ভিত্তিতে আসামিদের অবস্থান শনাক্ত করে পুলিশ। এর ধারাবাহিকতায় শুক্রবার সকাল আনুমানিক সোয়া ৭টায় হাতিরঝিল থানাধীন মগবাজার নয়াটোলা চেয়ারম্যান গলির একটি বাসায় অভিযান চালিয়ে অনিক ও শিহাবকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে চারটি তাজা ককটেল উদ্ধার করা হয়।
জননিরাপত্তার স্বার্থে উদ্ধারকৃত ককটেলগুলো পরবর্তীতে ডিএমপির বম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে নিরাপদে নিষ্ক্রিয় করে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


