আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

খিলক্ষেতে হোটেলে আগুনে দগ্ধ ৪

স্টাফ রিপোর্টার

খিলক্ষেতে হোটেলে আগুনে দগ্ধ ৪

রাজধানীর খিলক্ষেত এলাকায় একটি বহুতল ভবনের নিচতলায় অবস্থিত একটি হোটেলে এসি মেরামতের সময় বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগে ৪ জন দগ্ধ হয়েছেন।

শুক্রবার (১৩ মার্চ) ভোরে খিলক্ষেত ওভারব্রিজ সংলগ্ন একটি ১৪ তলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

দগ্ধরা হলেন— মোহাম্মদ মনসুর আলী (৩২), মো. আব্দুল মতিন (৬৭), মোহাম্মদ মাহি (১৭) ও মো. আব্দুল জলিল (৬৭)। তারা সবাই ওই হোটেলের কর্মচারী বলে জানা গেছে।

সহকর্মীরা জানান, সকালে হোটেলের নিচতলায় এসি মেরামতের কাজ চলছিল। এ সময় হঠাৎ শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে সেখানে থাকা চারজন কর্মচারী দগ্ধ হন। পরে অন্য সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যান।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো. ইমরান জানান, আগুন লাগার পরপরই তারা চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে দগ্ধ চারজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে মনসুর আলীর শরীরের প্রায় ২১ শতাংশ, আব্দুল মতিনের ৫ শতাংশ, মাহির ৫ শতাংশ এবং আব্দুল জলিলের ৭ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকি তিনজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন