দুর্যোগ মোকাবিলায় কাগজে-কলমে নয়, বাস্তব প্রস্তুতি নিতে হবে: ডিএসসিসি প্রশাসক

দুর্যোগ মোকাবিলায় কাগজে-কলমে নয়, বাস্তব প্রস্তুতি নিতে হবে: ডিএসসিসি প্রশাসক

দুর্যোগকালীন জরুরি পরিস্থিতিতে নগরবাসীর সুরক্ষায় ফায়ার সার্ভিস, পুলিশ ও রেড ক্রিসেন্টসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বিতভাবে দায়িত্ব ভাগ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

বিজ্ঞাপন

সোমবার বিকেলে নগর ভবনের অডিটোরিয়ামে আয়োজিত ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির পঞ্চম সভা’য় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, ‘দুর্যোগ ও অগ্নিকাণ্ড মোকাবেলায় শুধু কাগজ-কলমে দায়িত্ব বণ্টন করলেই হবে না। প্রতিটি সংস্থার উদ্ধার সরঞ্জাম ও বাস্তব সক্ষমতা বিবেচনায় নিয়ে কার্যকর প্রস্তুতি নিশ্চিত করতে হবে।’

ঢাকা দক্ষিণের অধিকাংশ এলাকা অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে উল্লেখ করে তিনি বলেন, ভবন ধস, অগ্নিকাণ্ড, রাসায়নিক ও বৈদ্যুতিক সরঞ্জাম বিস্ফোরণ এবং ভূমিকম্পের মতো বড় দুর্যোগের ঝুঁকি কমাতে সব সংস্থাকে একযোগে কাজ করতে হবে। নিয়মিত মহড়া, জনসচেতনতামূলক সেমিনার এবং ফায়ার সার্ভিসের সহায়তায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফায়ার সেফটি বা অগ্নিনিরাপত্তা বিষয়ে তরুণদের সচেতন করার ওপরও তিনি গুরুত্ব আরোপ করেন।

সম্প্রতি পুরান ঢাকার মৌলভীবাজারে অগ্নিকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে প্রশাসক জানান, সেখানে সরু রাস্তা, পানির অভাব এবং দোকানপাট ও হকারদের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে বিলম্ব হয়। তিনি স্পষ্ট জানান, বহুতল ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে প্রাথমিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও ফায়ার হাইড্রেন্ট থাকা বাধ্যতামূলক। একই সঙ্গে শহরের ঝুলে থাকা ক্যাবল ও বৈদ্যুতিক তার মাটির নিচে নেওয়া এবং অগ্নিনির্বাপণে পর্যাপ্ত পানির সংস্থান নিশ্চিত করতে ধোলাইখালসহ শহরের পুকুর ও জলাধারগুলো সংরক্ষণের তাগিদ দেন তিনি।

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংস্থা ও এনজিওর ৫৭ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। সভায় দুর্যোগের পূর্বে, দুর্যোগকালীন ও দুর্যোগ-পরবর্তী সার্বিক কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর অর্পিত ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন