দেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদের বহুল প্রতীক্ষিত ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন আগামী ২৩ ও ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। পূর্বঘোষিত তারিখ স্থগিত হওয়ায় নতুন এ তারিখ নির্ধারণ করা হয়েছে।
দুই দিনব্যাপী এ সম্মেলনে প্রতিষ্ঠালগ্ন থেকে বিগত ৭০ বছরে (১৯৫৬–২০২৬) জামিয়া থেকে শিক্ষা সমাপ্তকারী হাফেজ, কারি, আলেম ও মুফতিদের আনুষ্ঠানিকভাবে সম্মাননা দস্তার (পাগড়ি) প্রদান করা হবে। এ ছাড়া দেশ-বিদেশের প্রখ্যাত আলেমদের অংশগ্রহণে দ্বীনি শিক্ষা, সমসাময়িক বিভিন্ন বিষয় এবং মুসলিম উম্মাহর গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।
মহাসম্মেলনকে সামনে রেখে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা জামিয়া ফরিদাবাদের আবনা ও ফুজালাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা এবং জামিয়ার আদর্শ ও ঐতিহ্যকে সুদৃঢ় করার লক্ষ্যে প্রাক্তন ছাত্রদের সমন্বয়ে ‘তানযীমে আবনায়ে জামিয়া ফরিদাবাদ’ নামে একটি সংগঠন গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে তানযীমে আবনায়ে জামিয়া ফরিদাবাদের বর্ষভিত্তিক প্রতিনিধি ও গুরুত্বপূর্ণ সদস্যদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী ২৩ ও ২৪ নভেম্বর অনুষ্ঠিতব্য ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলনের সফল বাস্তবায়নে জামিয়ার বর্তমান ও সাবেক সকল ছাত্রকে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।
বৈঠকে জামিয়ার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা আব্দুল কুদ্দুছ, মাদরাসার শিক্ষক মুফতি আবু সাঈদ, মুফতি ইমাদুদ্দীন, তানযীমে আবনায়ে জামিয়া ফরিদাবাদের সদস্য সচিব মাওলানা হাসান জামিলসহ বিভিন্ন বর্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তিতে মহাসম্মেলনের সফল আয়োজনের লক্ষ্যে দেশ-বিদেশের শুভানুধ্যায়ী, আবনা ও ফুজালাদের দোয়া, সার্বিক সহযোগিতা এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করা হয়।
একই সঙ্গে আগামী ১০ অক্টোবর ২০২৬-এর মধ্যে www.abnaefaridabad.com ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার জন্য জামিয়ার আবনা ও ফুজালায়ে কেরামের প্রতি আহ্বান জানানো হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


