জঙ্গল সলিমপুরে পুলিশ ক্যাম্পে খাবার পানিতে বিষ, দুই পুলিশ অসুস্থ

জঙ্গল সলিমপুরে পুলিশ ক্যাম্পে খাবার পানিতে বিষ, দুই পুলিশ অসুস্থ
ছবি: আমার দেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুর আলীনগর এলাকায় পুলিশ ফাঁড়ির পানিতে কৌশলে বিষ মেশানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রোববার লাইনের পানি খেয়ে দুই পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়েন। তাদেরকে পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

ঘটনার পরপর সন্ত্রাসীদের গ্রেপ্তারে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে শেষ খবর পাওয়া পর্যন্ত জঙ্গল সলিমপুরে পুলিশের অভিযান চলমান রয়েছে। তবে কতোজনকে গ্রেপ্তার করা হয়েছে তা জানানো হয়নি।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম জানিয়েছেন, রোববার বিকেল থেকে যৌথ বাহিনীর একটি অভিযান জঙ্গল সলিমপুর ও আলীনগরে শুরু হয়। ওই এলাকার সন্ত্রাসীরা মাথা চাড়া দেওয়ায় তাদেরকে গ্রেপ্তারে পুনরায় এই অভিযান শুরু হয় বলে জানান তিনি।

পুলিশ সূত্র জানায়, রোববার সকালে আলীনগর পুলিশ ক্যাম্পে পানির লাইন থেকে পানি খাওয়ার পর কয়েকজন পুলিশ সদস্য বমি করেন। এরপর অন্যদের সন্দেহ হলে তারা পাইপ কেটে পানি পরীক্ষা করেন। প্রাথমিক পরীক্ষা শেষে তারা বুঝতে পারেন পাইপে বিষের গন্ধ রয়েছে। কেউ কৌশলে পানিতে বিষ মিশিয়ে দিয়েছেন। পরে বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে তারা পানির নমুনা সংগ্রহ করেন। পানি পরীক্ষার জন্য অধিদপ্তরের ল্যাবেও পাঠানো হয়েছে।

আলীনগর পুলিশ ক্যাম্পে কর্মরত পুলিশ সদস্যরা নাম প্রকাশ না করে জানান, যে পানি তারা পান করেন রোববার সকালে সেই পানি গ্লাসে নেওয়ার পর তাতে সাদা ফেনা এবং বিষাক্ত গন্ধ পাওয়া যায়। পানি খেয়ে কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা বারবার বমি করছেন বলে জানা গেছে।

সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম জানান, পানিতে বিষ মেশানোর ঘটনার পরপর অভিযান শুরু হয়। তবে কতক্ষণ অভিযান চলবে এবং সন্ধ্যা ছয়টা ৪৫ মিনিট পর্যন্ত কতোজনকে গ্রেপ্তার করা হয়েছে তা জানাতে পারেননি তিনি।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম আমার দেশকে বলেন, রোববার পানিতে বিষের গন্ধ পাওয়া গেলে আমরা সেখানে যাই। পরে দুইজনকে হাসপাতালে ভর্তি করানো হয়। সন্ত্রাসীরা এই কাজ করেছে বলে আমরা জানতে পেরেছি। তাদেরকে গ্রেপ্তারে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে।

প্রসঙ্গত, এর আগে গত ২৫ মে আলীনগরে পুলিশ ও র‌্যাব ক্যাম্পে হামলা চালায় সন্ত্রাসীরা। এসময় তারা স্কেবেটর দিয়ে ক্যাম্প দুটি গুড়িয়ে দেয়। এর আগে পানির লাইন কেটে দেয় সন্ত্রাসীরা।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন