রাজধানীর প্রাণকেন্দ্র মতিঝিল-কমলাপুর এলাকার ১৭২টি অটোমোবাইল ওয়ার্কশপ উচ্ছেদ না করার দাবি জানিয়েছে বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতি।
রোববার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সমিতির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, মতিঝিল-কমলাপুর এলাকায় সমিতির অন্তর্ভুক্ত ১৭২টি অটোমোবাইল ওয়ার্কশপ রয়েছে। সেগুলো উচ্ছেদ না করার দাবি জানাচ্ছি। মতিঝিল কমলাপুর এলাকায় প্রায় ২৫ বছর ধরে কাজ করা ওয়ার্কশপগুলো হঠাৎ উচ্ছেদ করা হলে হাজারো শ্রমিক, কর্মচারী ও তাদের পরিবার চরম অনিশ্চয়তার মুখে পড়বে। একইসঙ্গে দেশের চলমান যোগাযোগ ব্যবস্থাও বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ সময় আরও বলা হয়, মানবিক ও বাস্তবতা বিবেচনায় উচ্ছেদ কার্যক্রম অবিলম্বে স্থগিত রাখা, পর্যাপ্ত সময় প্রদান এবং পরিকল্পিত পুনর্বাসনের মাধ্যমে এই খাতকে টেকসইভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলমসহ সমিতির অন্যান্য সদস্যরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

