সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছে আদ্-দ্বীন হাসপাতাল

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছে আদ্-দ্বীন হাসপাতাল

সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছে রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতাল। হাসপাতাল কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বহির্বিভাগ, অন্তঃবিভাগ, ইমার্জেন্সি এবং প্রয়োজনীয় সব ধরনের সেবা কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। হাসপাতালটিতে নারী, শিশু ও পুরুষ নির্বিশেষে রোগীদের সেবা দেওয়া হচ্ছে। এছাড়া উন্নত আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) ও এনআইসিইউ (নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট) সেবাও প্রদান করা হচ্ছে।

বিজ্ঞাপন

এই হাসপাতালে গত ২৪ ঘণ্টায় বহির্বিভাগে ১ হাজার ৫২ জন রোগী সেবা নিয়েছেন। এছাড়া ৬৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ৩৬ জন গর্ভবতী নারী সন্তান প্রসব করেছেন। পাশাপাশি এনআইসিইউতে ৫৬ জন নবজাতক এবং আইসিইউতে আটজন রোগী ভর্তি রয়েছেন। কিডনি ডায়ালাইসিস সেবা নিয়েছেন ৩৪ জন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আদ্-দ্বীন হাসপাতালে দেশের অন্যতম বৃহৎ শতাধিক শয্যাবিশিষ্ট নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র রয়েছে। এছাড়া রয়েছে অত্যাধুনিক ও উন্নত আইসিইউ, এনআইসিইউ, এইচডিইউ, সিসিইউ এবং ডায়ালাইসিস ইউনিট। এসব ইউনিটে সংক্রমণ প্রতিরোধে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হয়।

আদ্-দ্বীন হাসপাতালসমূহের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে অভিজ্ঞ চিকিৎসক ও নার্সরা রোগীদের সর্বোত্তম সেবা দিয়ে আসছেন। সর্বাধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে আদ্-দ্বীন হাসপাতালের আইসিইউ, এনআইসিইউ, সিসিইউ ও ডায়ালাইসিস ইউনিট গড়ে তোলা হয়েছে। এছাড়া এই হাসপাতালে ৭০০ শয্যার মধ্যে ৩০০টি শয্যা বিনামূল্যে প্রদান করা হয়। এখানে রোগীদের থাকা-খাওয়াসহ সব ধরনের সুবিধা বিনামূল্যে দেওয়া হয়। সরকারের সব ধরনের নীতিমালা মেনেই হাসপাতালটি পরিচালিত হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৭ মে আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত মৃত্যুর ঘটনায় সেবা কার্যক্রমে কিছুটা ছন্দপতন ঘটেছিল। তবে সেই পরিস্থিতি কাটিয়ে হাসপাতালটি এখন পুরোপুরি স্বাভাবিক সেবায় ফিরে এসেছে।

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন