পরিবহন মালিকদের দ্বন্দ্ব

কিশোরগঞ্জ-মহাখালী রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

 কিশোরগঞ্জ-মহাখালী রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট
ছবি: আমার দেশ

পরিবহন মালিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে কিশোরগঞ্জ-মহাখালী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ হয়ে গেছে। রোববার সকাল থেকে কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সিদ্ধান্তে এ রুটে বেসরকারি কোম্পানির সব বাস চলাচল স্থবির হয়ে পড়ে। এতে চরম ভোগান্তি ও দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

বিজ্ঞাপন

জেলা পরিবহন মালিক সমিতির নেতারা জানান, সম্প্রতি নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর যাত্রীসেবার মান বাড়াতে পুরোনো বাস তুলে দিয়ে নতুন বাস চালুর উদ্যোগ নেওয়া হয়। শুরুতে ঢাকার পরিবহন মালিকেরা এতে সম্মতি দিলেও পরে তারা চুক্তি ভঙ্গ করেন। কিশোরগঞ্জের মালিকেরা নতুন বাস নামালেও ঢাকার মালিকেরা পুরোনো বাস সরাননি; উল্টো এই রুটে অতিরিক্ত দুটি বাস যুক্ত করেন।

এ বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও আলোচনা চলছিল। এর সূত্র ধরে শনিবার ঢাকায় কিশোরগঞ্জের পরিবহনগুলোর কাউন্টার বন্ধ করে দেন ঢাকার মালিকেরা। এর প্রতিবাদে এবং পরিস্থিতির প্রতিকারে রোববার সকাল থেকে মহাখালীগামী সব বাস চলাচল বন্ধের ঘোষণা দেয় কিশোরগঞ্জ জেলা পরিবহন মালিক সমিতি।

পরিবহন মালিক সমিতি সূত্রে জানা গেছে, এই ধর্মঘটের আওতায় অনন্যা পরিবহনের ৫০টি, অনন্যা ক্লাসিকের ৫৭টি, জলসিঁড়ির ১০০টি এবং উজানভাটির ৩০টিসহ মোট ২৩৭টি বাস চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।

হঠাৎ কোনো পূর্বঘোষণা ছাড়া বাস বন্ধ হয়ে যাওয়ায় জরুরি প্রয়োজনে ঢাকায় গমনেচ্ছু হাজার হাজার যাত্রী বাস টার্মিনালে এসে বিপাকে পড়ছেন।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন