মানারাত ইউনিভার্সিটিতে ক্লেমন ইউনি ক্যাম্পাস ক্রিকেটে চ্যাম্পিয়ন আইন বিভাগ

মানারাত ইউনিভার্সিটিতে ক্লেমন ইউনি ক্যাম্পাস ক্রিকেটে চ্যাম্পিয়ন আইন বিভাগ

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এমআইইউ) অনুষ্ঠিত ক্লেমন ইউনি ক্যাম্পাস ক্রিকেট ২০২৬-এর চ্যাম্পিয়ন হয়েছে আইন বিভাগের ক্রিকেট দল। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগকে ২২ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আইন বিভাগ।

বিজ্ঞাপন

এর আগে গ্রুপ পর্ব ও সেমিফাইনালের রোমাঞ্চকর লড়াই শেষে ফাইনালে জায়গা করে নেয় আইন বিভাগ ও জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ। এমআইইউ স্পোর্টস ক্লাব এ টুর্নামেন্টের আয়োজন করে।

ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ২ উইকেট হারিয়ে ৫৪ রান সংগ্রহ করে আইন বিভাগ। জবাবে ব্যাট করতে নেমে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ৩২ রান সংগ্রহ করে। ফলে ২২ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে আইন বিভাগ।

ফাইনাল ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ এবং একই সঙ্গে টুর্নামেন্টের ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন আইন বিভাগের খেলোয়াড় আবদুল কাদের বাবু।

খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশবিজ্ঞানী প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মো. মনিরুল ইসলাম, স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান, স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিজের ডিন ড. আবু আইয়ুব মো. ইব্রাহিম, রেজিস্ট্রার এ. এইচ. এম. আবু সাঈদ, আইন বিভাগের প্রধান আব্দুল্লাহ হিল গনি, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান রফিকুজ্জামান, আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফজলুল করিম, ছাত্রবিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক আবদুল মতিন, অ্যাডিশনাল রেজিস্ট্রার মো. আলমগীর হোসেইন, স্পোর্টস ক্লাবের সহকারী মডারেটর ও ইইই বিভাগের সহকারী অধ্যাপক মীর মো. আমিনুজ্জামান, ক্লেমন স্পোর্টসের কাজী আলমগীর এবং এমআইইউ স্পোর্টস ক্লাবের সভাপতি আবদুল কাইয়ুম ইফাজ প্রমুখ।

এবারের টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের আটটি বিভাগের আটটি দল অংশগ্রহণ করে। দুই দিনব্যাপী এ টুর্নামেন্টকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। রঙিন ব্যানার ও ফেস্টুনে সাজানো হয় ক্যাম্পাস ও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ। শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণে ক্রিকেটের এ আয়োজন পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন