মানারাত ইউনিভার্সিটিতে কাশ্মীর ও দক্ষিণ এশিয়ার শান্তি নিয়ে একাডেমিক টক অনুষ্ঠিত

মানারাত ইউনিভার্সিটিতে কাশ্মীর ও দক্ষিণ এশিয়ার শান্তি নিয়ে একাডেমিক টক অনুষ্ঠিত

কাশ্মীর সংকটসহ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সমস্যাগুলো সমাধানে সংলাপ, পারস্পরিক বোঝাপড়া ও মানবিক সহনশীলতার ওপর গুরুত্বারোপ করেছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এমআইইউ) ভাইস চ্যান্সেলর ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশবিজ্ঞানী প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব।

বিজ্ঞাপন

শনিবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া ক্যাম্পাসে সেন্টার ফর জেনারেল এডুকেশনের (সিজিইডি) উদ্যোগে আয়োজিত ‘কাশ্মীর অ্যান্ড সাউথ এশিয়ান পিস: রিজিওনাল কো-অপারেশন, কনফ্লিক্ট রেজল্যুশন অ্যান্ড হিউম্যান সিকিউরিটি’ শীর্ষক আন্তর্জাতিক একাডেমিক টক ও গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব বলেন, পারস্পরিক আলোচনা ও বোঝাপড়ার মাধ্যমে কাশ্মীরসহ দক্ষিণ এশিয়ার বিরাজমান সংকটগুলোর শান্তিপূর্ণ সমাধান সম্ভব। এ জন্য ভারত, পাকিস্তান, কাশ্মীরসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলের শিক্ষাবিদ ও গবেষকদের মধ্যে সংলাপ ও মতবিনিময়ের সুযোগ বাড়াতে হবে।

তিনি বলেন, কাশ্মীরের জনগণের পাশাপাশি ভারত-শাসিত কাশ্মীর, পাকিস্তান-শাসিত কাশ্মীর এবং লাদাখ ও আকসাই চিন অঞ্চলের জনগণের বিষয়গুলোও সামগ্রিকভাবে আলোচনায় বিবেচনা করা প্রয়োজন।

তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে ভারত, পাকিস্তান, কাশ্মীর ও দক্ষিণ এশিয়ার অন্যান্য অঞ্চল থেকে আরও বেশি শিক্ষাবিদ ও গবেষক এ ধরনের আয়োজনে অংশ নেবেন। সংলাপ, পারস্পরিক বোঝাপড়া ও মানবিক সহনশীলতার মাধ্যমে আঞ্চলিক সমস্যাগুলোর শান্তিপূর্ণ সমাধানের পথ তৈরি হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে ডিস্টিংগুইশড ইন্টারন্যাশনাল স্পিকার হিসেবে বক্তব্য দেন থাইল্যান্ডের ব্যাংককের ক্রিক ইউনিভার্সিটির ফ্যাকাল্টি মেম্বার এবং পাকিস্তান-শাসিত আজাদ জম্মু ও কাশ্মীরের মিরপুর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমইউএসটি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারপারসন ড. আবিদা রফিক।

তিনি তার প্রবন্ধে কাশ্মীর ও দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠা, আঞ্চলিক সহযোগিতা, সংঘাত নিরসন এবং মানব নিরাপত্তার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সেন্টার ফর জেনারেল এডুকেশনের পরিচালক ড. মোহাম্মদ আবুল কালাম আজাদ।

এতে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মো. মনিরুল ইসলাম, স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান, রেজিস্ট্রার এ. এইচ. এম. আবু সাঈদ, ছাত্রবিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক আবদুল মতিন এবং অতিরিক্ত রেজিস্ট্রার মো. আলমগীর হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন